Published : 02 Oct 2025, 07:20 PM
ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে বৈঠক করে তাদের নির্বাচনি ভাবনা ও দাবিদাওয়া শুনেছে ইউরোপীয় ইউনিয়নের ‘ইলেকশন এক্সপ্লোরেটরি মিশন’।
রাজধানীর একটি হোটেলে বৈঠক হয়েছে বৃহস্পতিবার দলটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দলের নির্বাচনি ভাবনা, বিগত নির্বাচনগুলোর তিক্ত অভিজ্ঞতা, পিআর পদ্ধতিসহ ৫ দাবিতে দলটির আন্দোলন ও রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্র পরিচালনায় জনমতের প্রতিফলনের জন্য সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে বৈঠকে।
ইসলামী আন্দোলনের আন্তর্জাতিক বিষয় উপদেষ্টা গোলাম মসিহ’র নেতৃত্বে প্রতিনিধি দলে ইসলামী যুব আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইমতিয়াজ আহমেদ সজল, ইসলামী ছাত্র আন্দোলনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল খাইরুল আহসান মারজান এবং আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য সচিব রাজন সিকদার অংশ নেন।
ইউরোপীয় ইউনিয়নের ‘ইলেকশন এক্সপ্লোরেটরি মিশনে’ ছিলেন দলপ্রধান ম্যাটি বাক্কেন এবং লিগ্যাল অ্যাডভাইজার ম্যানুয়েল ওয়ালি।
ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের অংশ হিসেবে ইসলামী আন্দোলনের সঙ্গেও বৈঠক করেছে।