Published : 22 Feb 2026, 08:01 PM
সুশাসনের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে ‘দৃশ্যমান’ পরিবর্তন আনাই বর্তমান সরকারের লক্ষ্য বলে তুলে ধরেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
‘যুগোপযোগী ও কার্যকর’ শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে পুরনো চিন্তাধারা থেকে বেরিয়ে আসার কথাও বলেছেন তিনি।
রোববার দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভায় মন্ত্রী এই মন্তব্য করেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এই সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, “আমরা জনগণের প্রত্যাশা পূরণের দায়িত্ব নিয়েই কাজ করছি। শুধু সচিবালয়কে দুর্নীতিমুক্ত রাখলেই হবে না, মন্ত্রণালয়ের অধীন সব দপ্তর ও সংস্থার কার্যক্রমেও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সুশাসনের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন আনাই আমাদের লক্ষ্য।”
তার মতে, দেশের শিক্ষাব্যবস্থাকে ‘যুগোপযোগী ও কার্যকর’ করতে হলে পুরনো চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে। সময়ের চাহিদা অনুযায়ী সৃজনশীল ও নতুন ভাবনায় এগিয়ে যেতে হবে।
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, “দীর্ঘদিন ধরে শিক্ষার গুণগত মান প্রত্যাশিত পর্যায়ে উন্নীত হয়নি। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর তার ভিত্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ছাড়া সামগ্রিক শিক্ষাব্যবস্থার টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।”
সভায় মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম, চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন যুগ্মসচিব নুরুন্নাহার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের রানাসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।