দেশে ফিরেছেন অর্ধ লক্ষাধিক হাজি
গত ১৪ জুলাই থেকে শুরু হওয়া হজের ফিরতি ফ্লাইট চলবে ৮ আগস্ট পর্যন্ত
চলতি মৌসুমে হজ শেষে ৫০ হাজার ৯৮৪ জন সৌদি আরব থেকে দেশে ফিরেছেন বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
গত ১৪ জুলাই থেকে বুধবার রাত পর্যন্ত ১৪১টি ফ্লাইটে তারা দেশে ফেরেন বলে মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক জানায়।
এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৭টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৫৬টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ৮টি ফ্লাইট রয়েছে। ফিরতি ফ্লাইট চলবে ৮ আগস্ট পর্যন্ত।
এবারে হজে গিয়ে সৌদি আরবে ২৫ জন বাংলাদেশি মারা গেছেন; তাদের মধ্যে ১৮ জন পুরুষ ও ৭ জন নারী।
কোভিড মহামারীর ভয়বহতা পেরিয়ে দুবছর পর কিছুটা বড় পরিসরে হজ হয়েছে গত ৮ জুলাই। বিভিন্ন দেশের ১০ লাখ মুসলমানকে এবার হজে অংশ নেওয়ার সুযোগ দেয় সৌদি আরব। বাংলাদেশ থেকে হজ করার সুযোগ পান ৬০ হাজার মানুষ।
