ওয়ারীতে যুবলীগ নেতার কবজি বিচ্ছিন্নের ঘটনায় গ্রেপ্তার ৪
কক্সবাজারে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র্যাব-১০।
রাজধানীর ওয়ারীতে যুবলীগ নেতা আলমগীর হোসেনের হাতের কবজি বিচ্ছিন্নের ঘটনায় কক্সবাজার থেকে চারজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব।
কক্সবাজার সদর এলাকায় বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- মো. নিজাম (৪২), এনামুল হক খোকন (৪০), মো. মাসুদ রানা (৩৬) ও ইমতিয়াজ (৩৬)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে সম্পৃক্ততার কথা ‘স্বীকার করেছেন’ বলে জানিয়েছে র্যাব।
গত শনিবার রাতে পাঁচআনি পুকুর জামে মসজিদ এলাকায় ওয়ারী থানার ৩৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি আলমগীর হোসেনকে (৪৬) কুপিয়ে জখম করা হয়।
হামলায় আলমগীরের কবজি বিচ্ছিন্ন হয়। গুরুতর আহত অবস্থায় তাকে রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।
