২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

ডাকসুতে জয়ে বিজয় মিছিল নয়, দোয়া ও জিয়ারতের কর্মসূচি শিবিরের

“এই বিজয় উদযাপন যেন শালীন ও সংযত হয়। তাই কোনো ধরনের আনন্দ মিছিল, শোভাযাত্রা বা র‌্যালি না করার অনুরোধ জানানো হচ্ছে,” বলেন ছাত্রশিবিরের সভাপতি।

ডাকসুতে জয়ে বিজয় মিছিল নয়, দোয়া ও জিয়ারতের কর্মসূচি শিবিরের
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদে বিজয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম। ছবি: আব্দুল্লাহ আল মমীন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2025, 08:46 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ ব্যাপক জয়ের পর আনন্দ মিছিল ও শোভাযাত্রা না করে দোয়া মাহফিল ও গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারতের কর্মসূচি দিয়েছে ইসলামী ছাত্রশিবির।

ডাকসু নির্বাচনের পর দিন বুধবার জামায়াতে ইসলামীর সহযোগী এ ছাত্র সংগঠনটি সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচি ঘোষণা করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে দোয়া মাহফিল ও শব্বেদারি (নৈশ ইবাদত) এবং গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত এবং সেইসঙ্গে আহত ও শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সব মহানগর, বিশ্ববিদ্যালয়, শহর ও জেলা শাখাকে এই কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, “এই বিজয় উদযাপন যেন শালীন ও সংযত হয়। তাই কোনো ধরনের আনন্দ মিছিল, শোভাযাত্রা বা র‌্যালি না করার অনুরোধ জানানো হচ্ছে।”

এবারের ডাকসু নির্বাচনে বড় জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল। ভিপি, জিএসসহ ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টি জিতে নিয়েছে তারা।

১৪ হাজার ৪২ ভোট পেয়ে ভিপি পদে জয়ী হয়েছেন শিবিরের সাদিক কায়েম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদ পেয়েছেন ৫,৭০৮ ভোট।

সম্পাদকীয় যে তিনটি পদ শিবিরের হাতছাড়া হয়েছে সেগুলোতে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। ছাত্রদলের প্রার্থীরা কোনো পদেই জয়ের মুখ দেখেননি।