১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকায় তাপমাত্রা বাড়তে পারে ২-৩ দিন

দেশের সর্বনিম্ন তাপমাত্রা নথিবদ্ধ হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2025, 03:41 PM

Updated : 26 Aug 2026, 11:17 AM

পৌষের শেষে ঢাকায় যে উষ্ণতা অনুভূত হচ্ছে, সেই দশা আরও দুই-তিন দিন থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ আবদুর রহমান রোববার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী দুই থেকে তিন দিন (ঢাকায়) দিনে এবং রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। 

“অর্থাৎ আগামী ৮ তারিখ পর্যন্ত বাড়বে। এরপর ৯ তারিখ থেকে আবার তাপমাত্রা কমে শীতের অনুভূতি বাড়বে।”

কয়েক দিন ধরে ঢাকায় তীব্র কুয়াশা আর শীত অনুভূত হচ্ছিল। এর মধ্যে শনিবার উঁকি দেয় রোদ, যার দেখা মিলেছে পরদিনও; বেড়েছে তাপমাত্রাও।

ঢাকায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস; পরদিন সকালে তা দাঁড়ায় ১৫ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। 

আর মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। 

এ সময় সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, “আপাতত শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। ৯ তারিখের পর দেশের দুয়েক জায়গায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে।”

রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আগেরদিন সেখানে তাপমাত্রা ছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। 

সেই তুলনায় তাপমাত্রা কিছুটা বাড়লেও হিমালয়ের কোলঘেঁষা জেলাটিতে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত আছে। 

সাধারণত তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেখানে মৃদু শৈত্যপ্রবাহ বইছে বলে ধরা হয়। 

এছাড়া গেল ২৪ ঘণ্টায় যশোরে ১০ দশমিক ৬, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গায় সর্বনিম্ন ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ করা হয়েছে। এ সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটের শ্রীমঙ্গলে, ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।