সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ রোববার
রোববারের কার্য তালিকার মামলাগুলোর শুনানির জন্য নতুন তারিখ রাখা হয়েছে।
সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানাতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে রোববার বিচারকাজ বন্ধ থাকবে।
ফলে এদিনের কার্য তালিকার মামলাগুলোর শুনানির জন্য নতুন তারিখ রাখা হয়েছে।
শনিবার হাই কোর্ট বিভাগের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আপিল বিভাগের ১৭ নভেম্বরের কার্য তালিকায় থাকা মামলাগুলো আগামী ২৪ নভেম্বর এবং হাই কোর্ট বিভাগের কার্য তালিকায় থাকা মামলাগুলোর শুনানি ১৮ নভেম্বর গ্রহণ করা হবে।
ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শনিবার ভোরে বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম মারা যান। তার বয়স হয়েছিল ৮১ বছর। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি।
ফজলুল করিম ১৯৪৩ সালের ৩০ সেপ্টেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন।
১৯৬৫ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত হাই কোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯২ সালের ১ নভেম্বর হাই কোর্ট বিভাগের বিচারক এবং ২০০১ সালের ১৫ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক হন।
বিচারপতি ফজলুল করিম ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি থেকে ২০১০ সালের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের অষ্টাদশ প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন-
