১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকা মেডিকেল থেকে নবজাতক চুরির অভিযোগ

গত বছরের অগাস্টেও হাসপাতালটির গাইনি বিভাগ থেকে এক নবজাতক চুরি হয়েছিল।

ঢাকা মেডিকেল থেকে নবজাতক চুরির অভিযোগ
ফাইল ছবি

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 03:37 PM

Updated : 10 Sep 2026, 12:07 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম নেওয়া যমজ দুই কন্যাশিশুর মধ্যে একটি চুরি হয়েছে বলে অভিযোগ করছেন তার স্বজনরা। 

এ ঘটনায় এক নারীকে সন্দেহ করা হচ্ছে, যার কোলে শিশুটিকে দিয়েছিলেন তার বাবা।

মঙ্গলবার সকালে ভূমিষ্ঠ হওয়ার পর দুপুরের দিকে শিশুটি চুরি হয় বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। 

তিনি জানান, চুরি হওয়া শিশুটি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশগ্রামের ট্রাক হেলপার শরিফুল ইসলাম ও সুখী বেগম দম্পতির। বর্তমানে তারা ঢাকার ধামরাইয়ের কালামপুর এলাকায় থাকেন।

পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ভুক্তভোগী মা সুখী বেগম সোমবার প্রসব ব্যাথা নিয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হন। মঙ্গলবার সকাল ৭টার দিকে গাইনি বিভাগে অস্ত্রোপচারের মাধ্যমে সুখী বেগমের যমজ কন্যা শিশু হয়। দুপুরের দিকে একটি শিশু চুরি হয়ে যায় বলে স্বজনরা অভিযোগ করেছেন। 

“বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় শাহবাগ থানার পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরকে শনাক্ত করার চেষ্টা করছে।”

শিশুটির দাদী হাসিনা বেগম বলেন, দুপুর পৌনে ১টার দিকে এক নারী এসে তার ছেলে ও পুত্রবধূর সঙ্গে আলাপ জমায়। এক পর্যায়ে তার ছেলের কাছ থেকে নাতনিকে কোলে নেন ওই নারী। বেশ কিছু সময় শিশুটি তার কাছে ছিল। 

হাসপাতালে অসুস্থ স্ত্রীকে নিয়ে শরিফুলের ছোটাছুটির মধ্যে ওই নারী আনসারের নিরাপত্তা বেষ্টনী পার হয়ে পালিয়ে যান বলে জানান হাসিনা বেগম।

ঢাকা মেডিকেলে নিরাপত্তায় নিয়োজিত আনসারের প্লাটুন কমান্ডার মিজানুর রহমান বলেন, “আমরা যতোটুকু জানতে পেরেছি, ওই বাচ্চার বাবাই সন্দেহভাজন মহিলার কাছে শিশুটিকে দিয়েছিলেন। ওই মহিলা তাদের আত্মীয় কি না, তা তো আমাদের ডিউটিরত আনসারা বুঝতে পারেনি।”

এর আগে গত বছরের অগাস্টেও হাসপাতালটির গাইনি বিভাগ থেকে এক নবজাতক চুরি হয়। পরে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করে নবজাতকটি উদ্ধার করে।