ফের ভূমিকম্প, এবার মিয়ানমার সীমান্তে
ইউএসজিএস বলছে, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৯।
এক দিনে দ্বিতীয়বার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশের মানুষ, এবার উৎপত্তি ছিল মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৯।
মাঝারি মাত্রার এ ভূমিকম্পের উপকেন্দ্র ছিল মিয়ানমারের ইয়েনানগিউং থেকে ৯৫ কিলোমিটার পশ্চিমে এবং সিতওয়ে থেকে ১১৬ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্বে। উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৬২ দশমিক ৭ কিলোমিটার গভীরে।
ঢাকা থেকে ওই এলাকার দূরত্ব ৫২১ কিলোমিটার। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে মঙ্গলবার ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে ভূমিকম্প হয় দক্ষিণ-পশ্চিমের শেষ জেলা সাতক্ষীরায়, যা অনুভূত হয় দেশের বিভিন্ন স্থানে।
বাংলাদেশের আবহাওয়া অফিস জানিয়েছে, ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাতক্ষীরার সীমান্তবর্তী উপজেলা কলারোয়ায়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪ দশমিক ১।
হঠাৎ ঘরবাড়ি কেঁপে ওঠায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
