২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা ঘনিষ্ঠরা যুক্তরাজ্যে সম্পদ বিক্রি করছে? তথ্য পেলে ব্যবস্থা নেবে দুদক

গার্ডিয়ান ও টিআই এর যৌথ অনুসন্ধানে বলা হয়েছে, গত এক বছরে যুক্তরাজ্যে এরকম অন্তত ২০টি সম্পদ লেনদেনের আবেদন জমা পড়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2025, 11:30 PM

Updated : 26 Aug 2026, 01:25 PM

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠরা যুক্তরাজ্যে তাদের মালিকানাধীন সম্পদ বিক্রি, বন্ধক বা হস্তান্তর করছেন বলে যে খবর বেরিয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে নেই। 

কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন রোববার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে এ বিষয়ে ‘আইনানুগ ব্যবস্থা’ দুদক নেবে।

“এ বিষয়ে আমাকে জানতে হবে। যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) ইতোমধ্যে যেসব সম্পত্তি ফ্রিজ বা সংযুক্ত (অ্যাটাচ) করেছে, সেগুলো অন্যত্র বিক্রি করার কথা নয়। এখান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই তারা পদক্ষেপ নিয়েছে।"

তিনি বলেন, "আপনারা যদি সুনির্দিষ্ট কোনো সম্পত্তির কথা বলতে পারেন, সেই ক্ষেত্রে পরবর্তী করণীয় নির্ধারণ করা যাবে। তথ্য-উপাত্ত ছাড়া মন্তব্য করা সঠিক নয়।"

শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠদের সম্পদ ও অর্থ পাচারের বিষয়ে অনুসন্ধান করছে দুদক। এরই মধ্যে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে যুক্তরাজ্যে তাদের সম্পদ বিক্রি বা হস্তান্তরের খবর এসেছে।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান ও আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) এর এক যৌথ অনুসন্ধানে বলা হয়েছে, যুক্তরাজ্যের জমি নিবন্ধন সংস্থার তথ্য অনুযায়ী, গত এক বছরে এমন অন্তত ২০টি সম্পদ লেনদেনের আবেদন জমা পড়েছে। শনিবার গার্ডিয়ান এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে।

গত মে মাসে এনসিএ শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে ও ভাতিজার নামে লন্ডনে থাকা প্রায় ১ হাজার ৪৬৯ কোটি টাকার সম্পদ জব্দ করে। এর তিন সপ্তাহ পর, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রায় ২ হাজার ৭৭৬ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে (২০২৪ সালের জুলাই থেকে) কয়েকজন প্রভাবশালী বাংলাদেশি যুক্তরাজ্যে তাদের সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করেছেন বলে ধারণা করা হচ্ছে। এদের বিরুদ্ধে বাংলাদেশে তদন্তও চলছে।

২০২৪ সালের ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তার সরকারের মন্ত্রী, এমপি ও প্রভাবশালী ব্যবসায়ীসহ দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। মামলার পাশাপাশি দেশ-বিদেশে হাজার হাজার কোটি টাকার সম্পদ জব্দের উদ্যোগ নেওয়া হয়।

চলতি বছরের মার্চে সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান এফ রহমানের যুক্তরাজ্যের একটি ফ্ল্যাট জব্দের নির্দেশ দেয় আদালত। একই দিনে তার ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমানের যুক্তরাজ্যের দুটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়।

তার আগে ২০২৪ সালের অক্টোবর মাসে, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের নামে দেশ-বিদেশে থাকা ৫৮০টি বাড়ি, অ্যাপার্টমেন্ট ও জমি জব্দের আদেশ দেয় বাংলাদেশের আদালত। এর মধ্যে যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি, এবং যুক্তরাষ্ট্রে ৯টি সম্পত্তি রয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের দুটি ও বাংলাদেশের একটি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে।