Published : 24 Nov 2025, 09:50 PM
চব্বিশের গণ অভ্যুত্থানের সময় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) অবদানকে স্মরণ করে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য ওই সংকটপূর্ণ সন্ধিক্ষণে হুমা খানের ভূমিকারও প্রশংসা করেছেন।
ঢাকায় ওএইচসিএইচআর কার্যালয়ের বিদায়ী প্রধান হুমা খান সোমবার সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন।
ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ সাক্ষাতের বিষয় পরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়।
প্রধান উপদেষ্টা ছাত্র-জনতার আন্দোলন দমাতে ২০২৪ সালের জুলাই-অগাস্টে সংঘটিত হত্যাকাণ্ডের স্বাধীন তদন্তে জাতিসংঘের ভূমিকার জন্য ধন্যবাদ দেন।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতে তারা জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরবর্তী সাম্প্রতিক পরিস্থিতি বিশেষ করে ন্যায়বিচার, জবাবদিহি এবং ভুক্তভোগীদের পুনর্বাসন বিষয়ক অগ্রগতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তারা আসন্ন জাতীয় নির্বাচন এবং দেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর নিয়েও আলাপ করেন।
আলোচনায় দেশের জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করা, গুম ও গোপন বন্দিশিবির বিষয়ক মামলাগুলোর তদন্তে গুম কমিশনের অগ্রগতি নিয়েও আলোচনা হয়।
এসময় সরকারের এসডিজি সমন্বয়কারী সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।