২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বর্জ্য ব্যবস্থাপনায় ঢাকা উত্তর সিটিকে প্রযুক্তি সহায়তা দেবে ফিনল্যান্ড

ফিনল্যান্ডের মত আন্ডারগ্রাউন্ড সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণে প্রযুক্তিগত সহায়তা চেয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

বর্জ্য ব্যবস্থাপনায় ঢাকা উত্তর সিটিকে প্রযুক্তি সহায়তা দেবে ফিনল্যান্ড

ঢাকার গুলশানে উত্তর সিটি নগর ভবনে মঙ্গলবার মেয়র মো. আতিকুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন রাষ্ট্রদূত রিতভা কউকু রন্দ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2023, 07:28 PM

Updated : 21 Mar 2023, 07:28 PM

ঢাকা উত্তর সিটির বর্জ্য ব্যবস্থাপনায় ফিনল্যান্ডের প্রযুক্তি সহায়তার আশ্বাস দিয়েছেন দেশটির রাষ্ট্রদূত রিতভা কউকু রন্দ।

মঙ্গলবার গুলশানে উত্তর সিটি করপোরেশনের নগর ভবনে মেয়র মো. আতিকুল ইসলামের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রাষ্ট্রদূত রিতভা বলেন, ঢাকা শহরের অবকাঠামোগত উন্নয়নে প্রযুক্তিনির্ভর বিভিন্ন কাজ করার সুযোগ রয়েছে।

“স্মার্ট সিটি গড়তে আধুনিক প্রযুক্তি সরবরাহে ফিনল্যান্ড বাংলাদেশের সঙ্গে কাজ করতে পারে। টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় ফিনল্যান্ড প্রযুক্তিগত সহযোগিতা দেবে। নোকিয়াসহ অন্যান্য কোম্পানিও বাংলাদেশে কার্যক্রম প্রসারিত করতে আগ্রহী।”

এর আগে অনলাইনে হোল্ডিং ট্যাক্স আদায়, ট্রেড লাইসেন্স দেওয়া ও সবার ঢাকা অ্যাপে সেবা দেওয়াসহ প্রযুক্তি নির্ভর নানা সেবা সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন মেয়র।

ফিনল্যান্ডের বর্জ্য ব্যবস্থাপনা উন্নত জানিয়ে ডিএনসিসিতে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণে কারিগরি ও আর্থিক সহযোগিতা চেয়ে তিনি বলেন, “ঢাকায় বর্জ্য ব্যবস্থাপনায় প্রয়োজনীয় এসটিএস নির্মাণের জন্য পর্যাপ্ত জায়গা নেই। ঢাকা শহরে ফিনল্যান্ডের মত আন্ডারগ্রাউন্ড সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার সঠিক সমাধান করা যেতে পারে।”

সুখী দেশের তালিকায় ফিনল্যান্ড আবারও শীর্ষে অবস্থান করায় রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান মেয়র।

ঢাকা উত্তর সিটির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এস এম শরিফ-উল ইসলাম, নয়া দিল্লির ফিনল্যান্ড দূতাবাসের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কনসুলার কিমো সিরা, সেকেন্ড সেক্রেটারি রাউলি কোস্টামো, ইকোনমি অ্যান্ড কমার্শিয়াল বিষয়ক উপদেষ্টা রায় চক্রবর্তী এ সময় উপস্থিত ছিলেন।