আনন্দ মোহনে বিক্ষোভ: ময়মনসিংহে বিসিএস পরীক্ষার কেন্দ্র পরিবর্তন
বৃহস্পতিবার থেকে বাকি সব বিষয়ের পরীক্ষা প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলে হবে।
বিক্ষোভের ঘটনায় ময়মনসিংহে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার কেন্দ্র আনন্দ মোহন কলেজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবারের পরীক্ষা প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলে হবে। ২১ অগাস্ট পর্যন্ত বাকি সব বিষয়ের পরীক্ষায় প্রার্থীদের এই কেন্দ্রেই বসতে হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন-পিএসসি।
কেন্দ্র পরিবর্তনের বিষয়টি জানালেও বুধবার পিএসসির সংবাদ বিজ্ঞপ্তিতে কারণ বলা হয়নি।
কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ময়মনসিংহ কেন্দ্রের লিখিত পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করে বলেন, “ভ্যেনু পরিবর্তনের সুস্পষ্ট কারণ কমিশনের পক্ষ থেকে জানানো হয়নি।”
কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে ‘অনিবার্য কারণে’ কেন্দ্র পরিবর্তন হওয়ার কথা তুলে ধরা হয়েছে।
ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের সদ্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করা অধ্যাপক মো. সাকির হোসেনকে আওয়ামী লীগের ‘দোসর’ আখ্যায়িত করে তার অপসারণ দাবিতে মঙ্গলবার বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
দুপুর থেকে বিকাল পর্যন্ত চলা এ বিক্ষোভের এক পর্যায়ে অধ্যক্ষ বেরিয়ে গেলে শিক্ষার্থীরা তার কক্ষে তালা ঝুলিয়ে দেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এ ঘটনার পরদিনই ময়মনসিংহ কেন্দ্রের লিখিত পরীক্ষা কেন্দ্র আনন্দ মোহন কলেজ থেকে সরিয়ে প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলে স্থানান্তরের বিষয়টি জানাল পিএসসি।
গত ২৪ জুলাই থেকে শুরু হয়েছে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা।
দুই দফায় ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করার পর উত্তীর্ণ ২১ হাজার ৩৯৭ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে।
২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি, যার প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয় গত বছরের ২৬ এপ্রিল। প্রিলিমিনারিতে ২ লাখ ৫৪ হাজার ৫৬১ প্রার্থী অংশ নিয়েছিলেন। ওই বছর ৯ মে প্রিলিমিনারির ফল প্রকাশিত, এতে উত্তীর্ণ হন ১০ হাজার ৬৩৮ জন।
গত বছরের ২৮ অগাস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত এ বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়ার কথা ছিল। কিন্তু সরকার পরির্তনের পর অস্থির সময়ের কারণে ২৫ অগাস্ট তা স্থগিত ঘোষণা করা হয়।
‘বৈষম্য দূরীকরণে’ প্রথম দফায় প্রিলিমিনারিতে উত্তীর্ণদের সঙ্গে আরও সমসংখ্যক প্রার্থীকে উত্তীর্ণ করে ফের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে গত ১৮ নভেম্বর ঘোষণা দেয় পিএসসি।
আগে উত্তীর্ণ ১০ হাজার ৬৩৮ জনের সঙ্গে আরও ১০ হাজার ৭৫৯ প্রার্থীকে উত্তীর্ণ করে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল গত ২৭ নভেম্বর ফের প্রকাশ করা হয়।
গেল ৮ মে থেকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরুর ঘোষণা দিয়েছিল কমিশন। তবে, প্রার্থীদের আন্দোলনের মুখে ২১ মে তা স্থগিত ঘোষণা করা হয়েছিল।
পিএসসির প্রকাশিত সূচি অনুযায়ী, ২৪ জুলাই থেকে শুরু হয়ে ৩ অগাস্ট পর্যন্ত চলে আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা। ১০ অগাস্ট থেকে ২১ অগাস্ট পর্যন্ত চলবে পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা।
পিএসসি জানিয়েছে, আট বিভাগের মোট ১৮টি কেন্দ্রে এ বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা এবং ১০টি কেন্দ্রে পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
