Published : 09 Dec 2025, 06:02 PM
সিরাজগঞ্জ-১ আসনের সাবকে এমপি তানভির শাকিল জয়, তার পরিবারের তিন সদস্য ও স্বার্থ সংশ্লিষ্ট আরেক ব্যক্তির নামে থাকা ৮৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।
দুদকের আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন।
জয় ছাড়া অন্যরা হলেন, তার স্ত্রী সাবরিনা সুলতানা চৌধুরী, মা লায়লা আরজুমান্দ, ভাই তমাল মনসুর এবং মীর মোশাররফ হোসেন নামে আরেকজন। জয়ের বাবা সাবেক মন্ত্রী মো. নাসিমের একান্ত সচিব ছিলেন মোশাররফ।
দুদক বলছে, এসব হিসাবে ১৭ কোটি ৭৭ লাখ টাকা রয়েছে।
দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক আফরোজ হক খান এসব ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদনে বলেন, জয় ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করেন৷ তার নিজ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে পরিচালিত ব্যাংক হিসাবে লেনদেন করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন।
দুদক বলছে, তাদের অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যের টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানকালে প্রাপ্ত, সংগৃহীত তথ্যাদি ও রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, তাদের নামে ও বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে ৮৬টি হিসাবে কোটি কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা এসব হিসাবে রক্ষিত অর্থ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির আগে এসব অর্থ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।