২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক মুকিব মিয়া এবার হত্যাচেষ্টার মামলায় রিমান্ডে

অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে লিফলেট বিতরণ করেছিলেন লালমনিরহাটের এ কলেজ শিক্ষক।

শিক্ষক মুকিব মিয়া এবার হত্যাচেষ্টার মামলায় রিমান্ডে
আদালতে শিক্ষক মুকিব মিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2025, 05:27 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

অন্তর্বর্তী সরকারের পদত্যাগ চেয়ে ঢাকার রাস্তায় লিফলেট বিতরণ করা লালমনিরহাটের কলেজ শিক্ষক মুকিব মিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে নিউ মার্কেট থানার এক মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে।

ঢাকার মহানগর হাকিম সারাহ্ ফারজানা হক শুনানি নিয়ে মঙ্গলবার তার দুই দিন রিমান্ডের আদেশ দেন।

তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার এসআই সিয়াম আহমেদ গত ৩ সেপ্টেম্বর তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষে মোরশেদ হোসেন শাহীন রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

আদালত সেই আবেদনের ওপর শুনানির দিন ঠিক করে মঙ্গলবার। এদিন বিচারক শুনানি নিয়ে তার রিমান্ড মঞ্জুর করেন বলে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর কাইয়ুম হোসেন নয়ন তথ্য দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মুকিব মিয়া ছাত্রলীগের সোহাগ-নাজমুল কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন।

গত ১ ফেব্রুয়ারি সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে তার লিফলেট বিতরণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েলে আলোচনা শুরু হয়। এ ঘটনায় ২ ফেব্রুয়ারি শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।

এরপর ৩ ফেব্রুয়ারি মিরপুর এলাকা থেকে তাকে আটকের পর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলাটিতে গ্রেপ্তার দেখানো হয়।

মামলায় অভিযোগ করা হয়, জাতীয় প্রেস ক্লাবের সামনে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে আসামিরা লিফলেট বিতরণ করেন। তারা লিফলেট বিতরণ, স্লোগান, মিছিল দিয়ে তাদের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমকে গতিশীল করা, সরকার তথা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, রাষ্ট্রের ক্ষতি সাধনের লক্ষে অপপ্রচারের উদ্দেশ্যে জনগণের সম্মুখে কালো আইন বাতিল, নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।

ঘটনার দিন আসামিরা সংঘবদ্ধভাবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের লিফলেট বিতরণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়। এরপর ওই মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

অপরদিকে নিউ মার্কেট থানায় করা মামলায় অভিযোগ করা হয়, জুলাই আন্দোলনের সময় ২ অগাস্ট নিউ মার্কেটের ২ নম্বর গেটের সামনে আন্দোলনকারীদের উপর হামলা চালানো হয়। তখন মাজেদুল ইসলাম নামে এক শিক্ষার্থীসহ ঢাকা কলেজ, ইডেন কলেজ, সিটি কলেজের কয়েকজন আহত হন।

ওই ঘটনায় মাজেদুল ইসলামের চাচাতো ভাই হাবিবুর রহমান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৭ জনের নামে মামলা করেন।

আরও পড়ুন-

আওয়ামী লীগের লিফলেট বিতরণ করা শিক্ষক মুকিবসহ ৫ জন কারাগারে