০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

তৌফিক ইমরোজ খালিদী একজন ‘স্বচ্ছ, সচেতন’ সম্পাদক: তথ্যমন্ত্রী

“আমি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রত্যেক কর্মীর প্রতি সমবেদনা জানাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Oct 2026, 10:38 PM

Updated : 02 Oct 2026, 10:50 PM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।

তৌফিক ইমরোজ খালিদীকে তিনি মূল্যায়ন করেছেন একজন ‘স্বচ্ছ, সচেতন’ সম্পাদক হিসেবে।

শুক্রবার রাতে এক শোকবার্তায় তথ্যমন্ত্রী বলেন, “বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দেশের অনলাইন সাংবাদিকতার পাইওনিয়ার। তৌফিক ইমরোজ খালিদী একজন স্বচ্ছ, সচেতন, আধুনিক সম্পাদক।

“তার মৃত্যুতে দেশের সাংবাদিকতার অপূরণীয় ক্ষতি হল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি শীর্ষ গণমাধ্যমে পরিণত করেছেন। সাংবাদিকতায় দেশ-বিদেশে তিনি সম্মান অর্জন করেছেন।"

মন্ত্রী বলেন, “আমি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রত্যেক কর্মীর প্রতি সমবেদনা জানাই। মরহুমের পরিবারের প্রতি শোক প্রকাশ করছি।"

মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে বৃহস্পতিবার রাতে তাকে লন্ডনের সেইন্ট বার্থোলমিউ’স হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় সময় শুক্রবার বেলা ২টা ২৩ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।