১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কচুক্ষেতে সোয়া ঘণ্টা সড়ক অবরোধ

“পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2026, 12:00 PM

Updated : 11 Sep 2026, 03:22 PM

ঢাকার কচুক্ষেত এলাকায় একটি পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন শ্রমিকরা। তাতে করে সড়কে সোয়া ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

মঙ্গলবার সকাল সোয়া ৯ টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শ্রমিকরা সড়কে অবস্থান নেন বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশের পল্লবী জোনের সহকারী কমিশনার তানিয়া সুলতানা।

পুলিশ বলছে, কচুক্ষেতের তামান্না কমপ্লেক্সে অবস্থিত ‘ইউনিফর্ম টেক্সটাইল’ কারখানা বন্ধ হয়ে যাওয়ায় কর্মীরা প্রথমে নেমে সড়কের একপাশ অবরোধ করে মানববন্ধন করে। খানিকবাদে তারা দুই পাশেই অবস্থান নিলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর ফলে অফিস শুরুর সময়ে যানজটে ভোগান্তিতে পড়েন ওই পথে চলাচলকারীরা।

ট্রাফিক পুলিশ কর্মকর্তা তানিয়া সুলতানা বলেন, “শ্রমিকদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে দুই পাশেই যান চলাচল শুরু হয়; পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।”