Published : 14 Jun 2026, 07:07 PM
কক্সবাজারে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯৭ কিলোমিটার গাড়ি চালানোর তথ্য দিয়েছে তার প্রেস উইং।
রোববার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, শনিবার কক্সবাজারে বিমানবন্দরে নামার পর থেকে নিজেই গাড়ি চালান তারেক রহমান।
“আবার বিমানবন্দরে ফেরা পর্যন্ত ১৯৭ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন তিনি।”
রুমন বলেন, গাড়িতে প্রধানমন্ত্রীর পাশের আসনে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পেছনের আসনে বসা ছিলেন প্রধানমন্ত্রীর স্ত্রী জুবাইদা রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী হাসিনা আহমদ।
“প্রতিটি ভেনুতে গিয়ে প্রধানমন্ত্রী কর্মসূচির উদ্বোধন করেছেন, স্থানীয় জনগণের উদ্দেশে বক্তব্য দিয়েছেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যে নিজের হাতে কোদাল দিয়ে মাটি তুলে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন; বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেছেন। জনসভা, সুধী সমাবেশে অংশ নিয়েছেন।”
তিনি বলেন, “প্রধানমন্ত্রীকে দেখতে সড়কের দুই ধারে যেভাবে মানুষের ঢল নেমেছিল, আপনারা দেখেছেন, প্রধানমন্ত্রী নিজেই তাদের হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন।“
প্রধানমন্ত্রী কক্সবাজার পৌঁছান শনিবার সকালে বিমানের ফ্লাইটে। কক্সবাজারে পাতলী খাল পুনঃখনন, ডুলাহাজারা, মালুমঘাট, পেকুয়া, ,মাতামুহুরী, চকরিয়া, কক্সবাজারের মেরিন ড্রাইভসহ বিভিন্ন জায়গা ঘুরে রাত সোয়া ১২টায় তিনি বিমানবন্দরে আসেন।