২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

একটি আইন পাস করে শেষ হল সংসদের দ্বিতীয় অধিবেশন

সাংবিধানিক বাধ্যবাধকতার এ অধিবেশন ছয় কার্যদিবস চলে।

একটি আইন পাস করে শেষ হল সংসদের দ্বিতীয় অধিবেশন
জাতীয় সংসদ ভবন

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2024, 01:09 AM

Updated : 10 Sep 2026, 12:05 PM

ছয় দিনে চারটি বিল উত্থাপন এবং একটি পাসের মধ্য দিয়ে শেষ হল দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন।

বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির আদেশ পাঠের মধ্য দিয়ে অধিবেশনের সমাপ্তি টানেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

এর আগে ১৯৭২ সালের ৩০ এপ্রিল বঙ্গবন্ধুর দেওয়া মে দিবসের ভাষণের অডিও সংসদে শোনানো হয়। 

গত ২ মে এ অধিবেশন শুরু হয়েছিল। সাংবিধানিক বাধ্যবাধকতার এ অধিবেশন ছয় কার্যদিবস চলে।

এ অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ৩৮টি প্রশ্ন জমা পড়েছিল। এর মধ্যে ১৫টির উত্তর তিনি দিয়েছেন। 

অন্যান্য মন্ত্রীদের জবাব দেওয়ার জন্য প্রশ্ন জমা পড়েছিল ৯০২টি। এর মধ্যে জবাব পাওয়া গেছে ৩৬৪টির।

৭১ বিধির আওতায় মোট নোটিস জমা পড়ে ২৪২টি। এর মধ্যে গ্রহণ হয় ছয়টি। আলোচনা হয় চারটির ওপর। 

এছাড়া ৬৪টি নোটিসের ওপর দুই মিনিট করে এমপিদের আলোচনা সুযোগ দেওয়া হয়। 

দ্বিতীয় অধিবেশনে চারটি বিল উত্থাপিত হয়েছে। এগুলো হল– 'বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থা (স্থাবর সম্পত্তি অর্জন নিয়ন্ত্রণ) বিল ২০২৪’; ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা বিল ২০২৪’; ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) বিল–২০২৪’ এবং‘জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল ২০২৪’। 

এছাড়া গ্রাম আদালতের জরিমানা করার ক্ষমতা বাড়িয়ে ‘গ্রাম আদালত (সংশোধন) বিল-২০২৪’ পাস হয়েছে।

অধিবেশনের সমাপনী ভাষণে স্পিকার বলেন, সংসদ কার্যকর থাকলেই গণতন্ত্র ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সুসংহত হয়। সংসদকে কার্যকর করার ক্ষেত্রে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের ভূমিকাও সমান গুরুত্বপূর্ণ।