খেলতে গিয়ে বুড়িগঙ্গায় পড়ে শিশুর মৃত্যু
অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে হঠাৎ করে নদীতে পড়ে যায় শিশুটি।
রাজধানীর কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গা নদীতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকালের দিকে ওই ঘটনা ঘটে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান।
মাইনুদ্দিন নামে ছয় বছরের ওই শিশুটির বাসা কামরাঙ্গীরচর কুড়ার ঘাটের দুই নম্বর গলিতে। তার বাবা ফিরোজ মিয়া পেশায় ভ্যানচালক; গ্রামের বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার পুকুরপাড় এলাকায়।
শিশুটির মামা মো. মিজান জানান, অন্য শিশুদের সঙ্গে তার ভাগ্নে মাইনুদ্দিনও নদীর পাড়ে খেলছিল। সেসময় হঠাৎ নদীতে পড়ে যায় সে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।
ফিরোজ মিয়ার চার ছেলে এক মেয়ের মধ্যে মাইনুউদ্দিন ছিল তৃতীয়।
