Published : 03 Dec 2025, 09:50 PM
ডিজিটাল জগতে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রযুক্তিনির্ভর সহিংসতা প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে আইপাস বাংলাদেশের উদ্যোগে হয়ে গেল মঞ্চনাটক ও আলোচনার অনুষ্ঠান।
বিশ্বব্যাপী নারী ও কিশোরীদের প্রতি সহিংসতা প্রতিরোধে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত চলমান ‘সিক্সিটিন ডেইস অব অ্যাক্টিভিজম এগেইনস্ট জেন্ডার বেইজড ভায়োলেন্স’ এর সঙ্গে একাত্মতা জানিয়ে বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের মেলাঘরে এ আয়োজন হয়।
আইপাস বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের স্বেচ্ছাসেবীরা অনুষ্ঠানে মঞ্চনাটক পরিবেশন করেন। এছাড়া অনলাইন হয়রানির চ্যালেঞ্জ ও প্রতিরোধ নিয়ে বিশেষজ্ঞদের প্যানেল আলোচনা এবং তরুণ অংশগ্রহণকারীদের অংশগ্রহণে ইন্টারঅ্যাকটিভ সেশন হয়।
দিনব্যাপী এ আয়োজনে ডিজিটাল সহিংসতার বহুমাত্রিক দিক, এর সামাজিক ও ব্যক্তিগত প্রভাব, এবং এ ধরনের সহিংসতা মোকাবিলায় প্রয়োজনীয় সমন্বিত উদ্যোগগুলো উঠে আসে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হেলথ ইকোনমিকস ইউনিটের পরিচালক (অ্যাডমিনিস্ট্রেশন) মোহাম্মদ শওকত হোসেন খান। তিনি দেশে প্রযুক্তিনির্ভর নারী ও কিশোরী নির্যাতন প্রতিরোধকে নীতিগতভাবে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কানাডা হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি (ডেভেলপমেন্ট) এডওয়ার্ড ক্যাব্রেরা। তিনি নারীর ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা ও কানাডার ধারাবাহিক অঙ্গীকারের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানের আরেক বিশেষ অতিথি নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ ও সাবেক নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য হালিদা হানুম আখতার ডিজিটাল সহিংসতার স্বাস্থ্যগত ও সামাজিক প্রভাব নিয়ে আলোচনা করেন।
অন্যদের মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী, মডেল ও অ্যাক্টিভিস্ট পিয়া জান্নাতুল আলোচনায় অংশ নেন। তিনি ডিজিটাল সহিংসতা নিয়ে মিডিয়া ও তরুণদের দৃষ্টিকোণ থেকে অভিজ্ঞতা শেয়ার করেন।
আইপাস বাংলাদেশের সহযোগী সংস্থাগুলোর প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।