তিন সচিবকে বদলি, একজনকে ওএসডি
তিন দিন আগে রেলের দায়িত্বে আসা জ্যেষ্ঠ সচিব এম এ আকমল হোসেন আজাদকে স্বাস্থ্যসেবা বিভাগে বদলি করা হয়েছে।
ক্ষমতার পালাবদলে প্রশাসনে ব্যাপক পরিবর্তনের মধ্যে সচিব পদে আরেক দফা রদবদল করা হয়েছে।
এবার তিন সচিবকে বদলির পাশাপাশি একজনকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে; যাদের মধ্যে তিন দিনের মধ্যে রেলপথ মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য বিভাগে বদলি করা হয়েছে জ্যেষ্ঠ সচিব এম এ আকমল হোসেন আজাদকে।
তিন দিন আগে রেলের দায়িত্ব পাওয়া এ কর্মকর্তার সামনে এখন শেখ হাসিনা সরকারের পতনের পর স্থবির হয়ে পড়া স্বাস্থ্য খাতে সেবা ফেরানোই মূল চ্যালেঞ্জ।
বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে এম এ আকমল হোসেন আজাদ কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন। আওয়ামী লীগ সরকার আসার পর থেকে তিনি ছিলেন ওএসডি। ওই অবস্থায় তাকে অবসরে যেতে হয়। গত ১৭ অগাস্ট তাকে সচিব করে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে ফিরিয়ে আনা হয় রেলপথ মন্ত্রণালয়ের সচিব করে। পরদিন জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা দেওয়া হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মঙ্গলবারের আদেশে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলমকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) করা হয়েছে।
আর পরিকল্পনা কমিশনের সদস্য আব্দুল বাকী রেলপথ মন্ত্রণালয়ের সচিব হয়েছেন।
এছাড়া স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে।
