কৃষকদের ঋণপ্রাপ্তি সহজ করার আহ্বান কৃষিমন্ত্রীর
কৃষির যান্ত্রিকীকরণে সরকার ভর্তুকি দেওয়ার পরেও কৃষকের ঋণ দরকার, সেজন্য ব্যাংকগুলোকে এগিয়ে আহ্বান জানান মন্ত্রী
কৃষি উৎপাদন বাড়াতে প্রকৃত কৃষকদের সহজে কৃষিঋণ প্রাপ্তিতে সহযোগিতা করতে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, “কৃষি যন্ত্রপাতিতে সরকার ভর্তুকি দিলেও তা কেনা কৃষকদের জন্য অনেক সময় কঠিন হয়ে পড়ে। সেজন্য ব্যাংক ও কৃষি বিভাগের কর্মকর্তাদের একসঙ্গে বসে, সমন্বয় করে মাঠ পর্যায়ে কৃষিঋণ বিতরণের সমস্যা সমাধান করতে হবে।”
বুধবার ঢাকার খামারবাড়িতে বিএআরসি মিলনায়তনে বিসেফ ফাউন্ডেশন আয়োজিত নিরাপদ ও পুষ্টিসম্মত খাদ্য নিশ্চিতকরণ বিষয়ে আলোচনায় মন্ত্রী এ কথা বলেন।
আব্দুর রাজ্জাক বলেন, “খাদ্য উৎপাদন বৃদ্ধি ও কৃষির সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানোর জন্য সুষ্ঠু কৃষিঋণ ব্যবস্থাপনা খুবই জরুরি। অনেক তরুণ উদোক্তা বাণিজ্যিক কৃষিতে এগিয়ে আসতেছে, তাদের জন্য ঋণ দরকার।
“অনেক সময় কৃষকেরা এনজিও বা অপ্রাতিষ্ঠানিক খাত থেকে চড়া সুদে ঋণ গ্রহণ করে। সেজন্য কৃষকদের সহজ শর্তে, কম সুদে, জামানাত ছাড়া বিনা হয়রানিতে ঋণ দিতে হবে। বিষয়টি কার্যকর করতে ব্যাংকগুলোকে এগিয়ে আসতে হবে।
কৃষির যান্ত্রিকীকরণে সরকারি উদ্যোগের অংশ হিসাবে বিভিন্ন এলাকায় ‘কম্বাইন হারভেস্টার’ কিনতে বিভিন্ন রকম প্রণোদনা দিচ্ছে সরকার। দ্রুত ধান কাটা, মাড়াই ও প্যাকেটজাত করতে সক্ষম এসব যন্ত্র। কয়েকজন কৃষক যৌথভাবেও ১০ থেকে ১৪ লাখ টাকা মূল্যের এসব যন্ত্র কিনতে পারেন।
‘কম্বাইন হারভেস্টার’ প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, কৃষি যান্ত্রিকীকরণে বর্তমান সরকার ৫০ থেকে ৭০ শতাংশ ভর্তুকি দিচ্ছে। তারপরেও একটা কম্বাইন হারভেস্টার কিনতে কৃষককে স্থানভেদে ১০ থেকে ১৪ লাখ টাকা দিতে হয়। ভর্তুকি দেওয়ার পরও অনেক কৃষক এত টাকা দিয়ে হারভেস্টার কিনতে পারে না। এখানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে, কৃষককে ঋণ দিতে হবে।
মন্ত্রী বলেন, “সবার জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করতে বর্তমান সরকার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। পুষ্টিসমৃদ্ধ খাবারের উৎপাদন ও প্রাপ্যতা অনেক বেড়েছে। তবে অনেক মানুষের ক্রয়ক্ষমতা কম, তারা সীমিত আয় দিয়ে এখনো পর্যাপ্ত পুষ্টিকর খাবার কিনতে পারে না।
“এক্ষেত্রে মানুষের আয় বাড়াতে হবে, এগ্রো প্রসেসিংয়ে বিনিয়োগ করতে হবে, কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে। সেলক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।”
অনুষ্ঠানে বিসেফ ফাউন্ডেশনের সভাপতি জয়নাল আবেদিন ও সাবেক কৃষিসচিব আনোয়ার ফারুকও বক্তব্য রাখেন।
