২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার চায় উদীচী, হামলা ও প্রাণহানির নিন্দা

"সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলনের রূপ দেওয়া এবং তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে দাঁড় করানোর একটি অপচেষ্টা দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছিল,” বলছে উদীচী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2024, 12:28 AM

Updated : 10 Sep 2026, 12:11 PM

সরকারি চাকরির ক্ষেত্রে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে সংহতি জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। 

সেইসঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সরকার দলীয় ছাত্র সংগঠনের ‘ন্যক্কারজনক হামলা’ ও প্রাণহানির ঘটনায় নিন্দা জানিয়েছে সংগঠনটি।

উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে বলেন, "সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলনের রূপ দেওয়া এবং তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে দাঁড় করানোর একটি অপচেষ্টা দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছিল। কয়েকদিন আগে সরকারপ্রধানের বক্তব্য সেই অপচেষ্টাকে উৎসাহিত করেছে।"

চাকরির কোটা সংস্কারের দাবিতে দুই সপ্তাহ ধরে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই গত রোববার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ জানিয়ে দেন, সরকারি চাকরিতে কোটার বিষয়টি আদালতেই ফয়সালা করতে হবে।

বক্তব্যের এক পর্যায়ে সরকারপ্রধান বলেন, “কোটা আন্দোলন করার আগে তো তাদের রেজাল্টগুলো দেখা উচিত ছিল যে- কোথায় তারা দাঁড়িয়েছে! দ্বিতীয়টি হচ্ছে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতি পুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতি পুতিরা (চাকরি) পাবে?

প্রধানমন্ত্রীর এই বক্তব্যে ‘মর্মাহত’ হয়ে রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষালয়ে আন্দোলনকারীরা বিক্ষোভ দেখান; যেখানে স্লোগান দেওয়া হয়, ‘তুমি কে আমি কে, রাজাকার-রাজাকার; কে বলেছে কে বলেছ, স্বৈরাচার, স্বৈরাচার’।

প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ‘রাজাকার’ পরিচয় দিয়ে শ্লোগান দেওয়াকে 'দুঃখজনক' বলছে উদীচী।

তবে বিবৃতিতে এও বলা হয়, "নিজেদের ভুল বুঝতে পেরে কিছুক্ষণের মধ্যে তাদের শ্লোগান পরিবর্তন করা প্রশংসার যোগ্য।"

কোটা আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের ‘কারো পাতা ফাঁদে পা না দেওয়ার’ আহ্বান জানিয়ে উদীচী নেতৃবৃন্দ বলেন, "সরকারের বিভিন্ন পর্যায়ের বিভ্রান্তিমূলক মন্তব্যের সুযোগ নিয়ে স্বাধীনতাবিরোধী অপশক্তি সাধারণ শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড় করানোর অপচেষ্টা চালাচ্ছে।"

সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে ২০১৮ সালেও আন্দোলন করেছিলেন শিক্ষার্থীরা। সেসময় পুরো কোটা পদ্ধতিই বাতিল করে প্রজ্ঞাপন জারি করে সরকার, যা ‘সংবিধানের সুস্পষ্ট লংঘন’ বলে মনে করে উদীচী। 

বিবৃতিতে বলা হয়, "সংবিধানে অনগ্রসর জাতিগোষ্ঠীসহ বিভিন্ন ধরনের কোটার কথা বাধ্যতামূলক করা রয়েছে।" 

সম্প্রতি হাই কোর্টের রায়ে সেই প্রজ্ঞাপন বাতিল হলে আবারো আন্দোলনে নামে শিক্ষার্থীরা। তাদের দাবি, কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার করে নতুন প্রজ্ঞাপন জারি করতে হবে। 

উদীচী এই দাবির সাথে সংহতি প্রকাশ করে একটি কমিশন গঠনের মাধ্যমে কোটা পদ্ধতির ‘যৌক্তিক সংস্কার’ করে নতুন প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছে। 

উদীচী নেতৃবৃন্দ বলেন, "দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসা শিক্ষার্থীদের উপর সোমবার হঠাৎ করেই নৃশংস হামলা চালায় সরকারদলীয় ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা। এতে কয়েকশ শিক্ষার্থী আহত হয়। সেই আহত শিক্ষার্থীদের ওপর হাসপাতালে গিয়ে হামলা চালানোর মতো ন্যক্কারজনক ঘটনাও ঘটেছে। 

“সংঘর্ষের পুরো সময়টিতেই পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীকে আশ্চর্যজনকভাবে নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে। শুধু তাই নয়, মঙ্গলবার রাজধানীসহ দেশের কয়েকটি জেলায় সহিংসতার মাত্রা আরো বৃদ্ধি পায়।”

এদিন সংঘর্ষের মধ্যে ঢাকা, চট্টগ্রাম, রংপুরে মারা যান পথচারী, শিক্ষার্থীসহ ছয়জন। সেসব ঘটনায় ছাত্রলীগের পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও সমালোচনা করা হয়েছে উদীচীর বিবৃতিতে।