২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামপুর পৌর মেয়রকে বরখাস্তের আদেশ হাই কোর্টে স্থগিত

স্বেচ্ছাচারী আচরণ, সরকারি গুদামের মালামাল লুট, আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে আব্দুল কাদের সেখকে সাময়িক বরখাস্ত করা হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2024, 07:02 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

মালপুরের ইসলামপুর পৌরসভার মেয়র মো. আব্দুল কাদের সেখকে বরখাস্ত করে মন্ত্রণালয়ের আদেশ স্থগিত করেছে হাই কোর্ট।

সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এ আদেশ দেয়। 

আব্দুল কাদেরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মন্ত্রণালয়ের আদেশ হাই কোর্ট স্থগিত করে দিয়েছেন। তবে রাষ্ট্রপক্ষ আপিল করবে। আমি এ ব্যাপারে নোট দিয়ে দিয়েছি।”

স্বেচ্ছাচারী আচরণ, সরকারি গুদামের মালামাল লুট, আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে গত ২৯ এপ্রিল মেয়র মো. আব্দুল কাদের সেখকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার উপসচিব মো. আব্দুর রহমানের স্বাক্ষরে ওই বিজ্ঞপ্তি প্রচার করা হয়।

আব্দুল কাদের সেখ ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং টানা তৃতীয়বারের মতো পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করে আসছিলেন।  

বরখাস্তের বিজ্ঞপ্তিতে বলা হয়ে, “আব্দুল কাদের সেখের বিরুদ্ধে উক্ত পৌরসভার ১১ জন কাউন্সিলর কর্তৃক আনিত স্বেচ্ছাচারী আচরণ, সরকারি গুদামের মালামাল লুট, আত্মসাৎ এবং দুর্নীতির অভিযোগগুলো তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন অনুযায়ী তাকে মেয়রের পদ থেকে অপসারণ করা হলো।”

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌরসভার মেয়র বরখাস্ত