২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে নতুন ডিসি বিল্লাল, সরানো হল তানভীরকে

এ পদে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে উপ-পুলিশ কমিশনার (পিওএম-দক্ষিণ বিভাগ) মোহাম্মদ বিল্লাল হোসেনকে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2024, 02:05 PM

Updated : 26 Aug 2026, 11:13 AM

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নিরাপত্তা বিভাগের দায়িত্ব থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে সরিয়ে দেওয়া হয়েছে । 

এ পদে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে উপ পুলিশ কমিশনার (পিওএম-দক্ষিণ বিভাগ) মোহাম্মদ বিল্লাল হোসেনকে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে রোববার এ তথ্য জানানো হয়। 

ক্ষতিগ্রস্ত দপ্তরগুলো বাদে বাকি সব মন্ত্রণালয় এবং বিভাগে নিয়ম মাফিক কার্যক্রম চলছে রোববার থেকে। 

বুধবার রাত ২টার দিকে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট সেখানে যায়। প্রায় দশ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।

আগুনে সাত নম্বর ভবনের ৬, ৭, ৮, ৯ এই চারটি তলা ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে অষ্টম ও নবম তলায় ক্ষতি হয়েছে বেশি, সেখানকার অধিকাংশ নথি পুড়ে যায়। এ ঘটনার সময় সচিবালয়ের সামনের সড়কে ফায়ার সার্ভিসের এক কর্মী পানির পাইপ নিয়ে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন। অগ্নিকাণ্ডের কারণে বৃহস্পতিবার দিনের বেশিরভাগ সময় সচিবালয়ের অধিকাংশ ভবনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ে গেলেও দপ্তরে ঢুকতে না পেরে বেরিয়ে আসেন। সব মিলিয়ে সচিবালয়ের নিয়মিত কর্মকাণ্ড কার্যত বন্ধ ছিল।

দুদিন সাপ্তাহিক ছুটির মধ্যে ৭ নম্বর ভবন ছাড়া বাকি ভবনগুলোর বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হওয়ায় সেগুলোতে থাকা বিভিন্ন মন্ত্রণালয়ে রোববার থেকে স্বাভাবিক কাজকর্ম চালানোর মত পরিস্থিতি তৈরি হয়। আর ৭ নম্বর ভবনে যেসব দপ্তর ছিল, সেগুলোর কাজ সচিবালয়ের বাইরে বিভিন্ন সরকারি ভবনে চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।

এছাড়া আগুনে ক্ষতিগ্রস্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় রেলভবনে; যুব ও ক্রীড়া মন্ত্রণায়ল ক্রীড়া ভবনে।; শ্রম মন্ত্রণালয় শ্রম ভবনে; ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা তথ্য মন্ত্রণালয়ে এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা আগারগাঁওয়ের ডাক ভবনে দাপ্তরিক কাজ করবেন।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সচিবালয়ের ‘নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে’ সব ধরনের অস্থায়ী প্রবেশ পাস বাতিল করা হয়েছে। পাশাপাশি সাংবাদিকদের প্রবেশের জন্য ইস্যু করা অ্যাক্রেডিটেশন কার্ডও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে।

এর মধ্যে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, অস্থায়ী পাস নিয়ে ‘নির্দিষ্ট সংখ্যক’ সাংবাদিক সোমবার থেকে সচিবালয়ে ‘প্রবেশ করতে পারবেন’।

সচিবালয়ে আগুনের এ ঘটনায় একজন সচিবের নেতৃত্বে আট সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়, যে সময়সীমা শেষ হচ্ছে সোমবার।

কমিটি এর মধ্যে পুড়ে যাওয়া ভবন ঘুরে দেখে আলামত সংগ্রহ, আশপাশের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহের পাশাপাশি কর্মকর্তা ও কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করেছে।

পুরনো খবর

সচিবালয়ে আগুন: ঘটনাস্থলে তদন্ত কমিটি

নিয়ন্ত্রিত প্রবেশাধিকারে খুলেছে সচিবালয়