Published : 30 Aug 2025, 01:40 PM
বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির পাঁচদিনের রিমান্ড শেষ হয়েছে। তাকে এখন কারাগারে আটক রাখার আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা।
শনিবার ঢাকার মহানগর হাকিম হাসিব উল্লাহ পিয়াসের আদালতে এ বিষয়ে শুনানি হবে।
আফ্রিদিকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান।
প্রসিকিউশনের এসআই শরীফুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
এদিন বেলা ১২টার দিকে তৌহিদ আফ্রিদিকে সিএমএম আদালতের হাজতখানায় এনে রাখা হয়।
গত ২৫ অগাস্টে তাকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছিল আদালত। এর আগের রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে সিআইডির সদস্যরা।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের ৫ অগাস্টে যাত্রাবাড়ীতে জুলাই আন্দোলনে অংশ নেন মো. আসাদুল হক বাবু। দুপুর আড়াইটার দিকে আসামিদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন আসাদুল। চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গত বছরের ৩০ অগাস্টে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা জয়নাল আবেদীন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়।
মামলায় আসামির তালিকায় বাবা-ছেলে নাসির উদ্দিন ও তৌহিদ আফ্রিদির নামও রয়েছে।
গত ১৭ অগাস্ট আফ্রিদির বাবা টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীকে গুলশান থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য নাসির উদ্দিন সাথীকেও রিমান্ডে পাঠিয়েছিল আদালত।
আরও খবর-