১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ সফরে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী

এই সফরে প্রতিমন্ত্রী সারাই বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা, উন্নয়ন সহযোগী এবং বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

বাংলাদেশ সফরে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী

রণদীপ সারাই

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Oct 2026, 12:43 PM

Updated : 11 Oct 2026, 12:43 PM

শক্তিশালী অর্থনৈতিক সহযোগিতা ও কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে কানাডা ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ সফরে এসেছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সারাই।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকার কানাডীয় হাই কমিশন জানিয়েছে, এই সফরে রোববার থেকে বুধবার পর্যন্ত তিনি বাংলাদেশে থাকবেন।

সফরকালে প্রতিমন্ত্রী সারাই বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা, উন্নয়ন সহযোগী এবং বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি ঢাকা ও কক্সবাজারে কানাডার সহায়তায় বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন।

হাই কমিশন বলছে, কানাডার আন্তর্জাতিক সহায়তা কীভাবে এদেশে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং নারী ও যুবসমাজের জন্য সুযোগ সম্প্রসারণে সহায়তা করছে, এই সফরের মাধ্যমে তা তুলে ধরা হবে ।

“ইতোমধ্যে এসব উদ্যোগ টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে এবং ভবিষ্যৎ বাণিজ্য ও বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করছে ।”

হাই কমিশন বলেছে, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে কানাডা বাংলাদেশকে ৬৩০ কোটি কানাডিয়ান ডলারেরও বেশি উন্নয়ন সহায়তা দিয়েছে।

“এর মধ্যে ব্র্যাক ও আইসিডিডিআর,বি এর মত বাংলাদেশভিত্তিক এনজিও বা সংস্থার কার্যক্রমে কানাডার দীর্ঘদিনের সমর্থন উল্লেখযোগ্য। পরে এসব প্রতিষ্ঠান বিশ্বজুড়ে স্বীকৃত ও সম্মানিত সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।”

দীর্ঘদিনের এই উন্নয়ন অংশীদারত্বের ভিত্তিতে এখন বাংলাদেশে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানোর সম্ভাবনা দেখার কথাও বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

হাই কমিশন বলেছে, ২০২৫ সালে কানাডা ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৪০০ কোটি কানাডিয়ান ডলার ছাড়িয়েছে।

সুশাসন ও অর্থনৈতিক সংস্কারের ওপর জোর দিয়ে কানাডা বলেছে, “সুশাসন, রেগুলেটরি এবং অর্থনৈতিক পরিবেশের সংস্কার অব্যাহত থাকলে স্বচ্ছতা ও স্থিতিশীলতা বাড়বে, বিনিয়োগকারীদের আস্থা তৈরি হবে এবং উভয় দেশের জন্য পারস্পরিক সমৃদ্ধি ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির নতুন সুযোগ সৃষ্টি হবে।

“বাংলাদেশের অর্থনৈতিক উত্তরণের এই সময়ে কানাডার অংশীদারত্ব স্বাস্থ্য, শিক্ষা, জেন্ডার সমতা এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতেও সহায়তা করে যাচ্ছে।”

হাই কমিশন বলেছে, কক্সবাজার সফরে গিয়ে রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় আশ্রয়দাতা জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় করবেন প্রতিমন্ত্রী সারাই। সেই সঙ্গে চলমান সংকট মোকাবেলায় নিয়োজিত অংশীজনদের কাছ থেকে পরিস্থিতি সম্পর্কে জানবেন।

২০১৭ সাল থেকে রোহিঙ্গা সংকট মোকাবেলায় ৬০ কোটি কানাডিয়ান ডলারের বেশি সহায়তা দেওয়ার তথ্যও সংবাদ বিজ্ঞপ্তিতে দিয়েছে হাই কমিশন।

“এর মধ্যে রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশের আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য উল্লেখযোগ্য সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে। কানাডা মানবিক সহায়তার ক্ষেত্রে তার অঙ্গীকার অব্যাহত রাখবে এবং অভিন্ন সমৃদ্ধি, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও আঞ্চলিক স্থিতিশীলতার লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে কাজ করে যাবে।”