থিম্পুতে বাংলাদেশের দূতাবাসে চলছে আর্টক্যাম্প
বাংলাদেশ থেকে একুশে পদকপ্রাপ্ত শিল্পী কনক চাঁপা চাকমাসহ দেশের ৭ জন তরুণ শিল্পী এই আর্টক্যাম্পে যোগ দিয়েছেন।
ভুটানের রাজধানী থিম্পুতে বাংলাদেশ দূতাবাসে চার দিনব্যাপি এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫ শুরু হয়েছে।
গত ৮ জুলাই শুরু হওয়া সোসাইটি ফর প্রমোশন অব বাংলাদেশ আর্টের (এসপিবিএ) এই আর্টক্যাম্পটি চলবে ১২ জুলাই পর্যন্ত।
বৃহস্পতিবার সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে।
এই আর্টক্যাম্পে বাংলাদেশ থেকে একুশে পদকপ্রাপ্ত শিল্পী কনক চাঁপা চাকমাসহ দেশের ৭ জন তরুণ শিল্পী যোগ দিয়েছেন।
তারা হলেন– আজমীর হোসেন, সহিদ কাজী, সৌরভ চৌধুরী, সুমন ওয়াহেদ, সৈকত হুসাইন, ফারজানা রহমান ববি এবং রূপশ্রী হাজং।
এছাড়া ভুটানের দুই জন তরুণ শিল্পীও এসপিবিএ ভুটান আর্টক্যাম্পে অংশ নিচ্ছেন। তারা হলেন- উগেন সেরিং দয়া এবং কিশোর দাহাল।
এরই মধ্যে ভুটানে বাংলাদেশ মিশনে নিযুক্ত রাষ্ট্রদূত শিবনাথ রায় আর্টক্যাম্প পরিদর্শন করেন। তিনি এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং শিল্পীদের সঙ্গে মত বিনিময়ও করেন।
এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫০-এর সার্বিক পরিচালনায় আছেন স্থপতি রফিক আজম।
