কাদের ও কামালের ওপর নিষেধাজ্ঞা চাইলেন ৬ মার্কিন আইনপ্রণেতা
অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়া অধ্যাপক ইউনূসকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন।
ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের মন্ত্রী ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসের ছয় ডেমোক্র্যাট সদস্য।
কোটা সংস্কার আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগে ব্যবস্থা নেওয়ার জন্য তারা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেনকে চিঠি দিয়েছেন।
রয়টার্স লিখেছে, ভ্যান হোলেনসহ ছয় কংগ্রেস সদস্যের এই চিঠির প্রতিক্রিয়ায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা নিষেধাজ্ঞার মত পদক্ষেপের বিষয়ে আগাম কোনো তথ্য দেয় না।
সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের আন্দোলন অগাস্টের শুরুতে সরকার পতনের আন্দোলনে পরিণত হয়। জেলায় জেলায় সহিংসতায় মাত্র তিন সপ্তাহের মধ্যে প্রায় তিনশ মানুষের প্রাণ যায়।
৫ অগাস্ট আন্দোলনারীদের ঢাকামুখী লংমার্চের মধ্যে শেখ হাসিনার দেশত্যাগের খবর আসে। সেদিন বিকালে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান সাংবাদিকদের বলেন, পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রথমে হেলিকপ্টর ও পরে সামরিক বিমানে চড়ে আগরতলা হয়ে সেদিন রাতেই দিল্লি পৌঁছান বাংলাদেশের টানা সাড়ে ১৫ বছরের প্রধানমন্ত্রী। এখনও তিনি সেখানেই আছেন।
মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির ডেমোক্র্যাট সদস্য ভ্যান হোলেন বলেন, “যে বাংলাদেশি নেতারা এই নৃশংস অভিযান চালিয়েছে, তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে, সেজন্য আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি যাতে (আওয়ামী লীগের) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।”
একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশের সমর্থনে কাজ করার অঙ্গীকারের কথাও বলা হয় ওই চিঠিতে।
২০২২ সালের শেষে টানা তৃতীয়বার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হন ওবায়দুল কাদের। কোটা সংস্কার আন্দোলনে নিজের ভূমিকা নিয়ে দলের ভেতরেই তোপেড় মুখে পড়েন তিনি।
শেখ হাসিনার দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর ২০১৩ সালে ওবায়দুল কাদের যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। পরের বছর নতুন সরকার গঠন হলে একই দায়িত্বে আসেন তিনি।
তার সময়ে মন্ত্রণালয়ের নাম বদলে হয় ‘সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়’। আওয়ামী লীগের পরের দুই সরকারেও তিনি ওই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
আর সদ্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল প্রথম সংসদ সদস্য হন ২০০৮ সালে। ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে পুনর্নির্বাচিত হওয়ার পর প্রথমে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং পরে মন্ত্রীর দায়িত্ব পান। একইভাবে ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনেও জয়ী হয়ে একই দায়িত্বে ছিলেন তিনি।
জনতার গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন সোশাল মিডিয়ায় লিখেছেন, “বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের শপথ গ্রহণকে আমি স্বাগত জানাই। যুক্তরাষ্ট্র তার শান্ত ও শান্তির আহ্বানকে সমর্থন করে।"
রয়টার্স লিখেছে, শেখ হাসিনার পতনের পর উল্লাস ও সহিংসতা দুটোই ছড়িয়েছে। তার সরকারি বাসভবনে হামলা চালানো হয়, তার বাবার ভাস্কর্য ভেঙে ফেলা হয়। পাশাপাশি সংখ্যালঘুদের ওপর হামলার খবরও এসেছে।
