২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে কার্গো ভিলেজে আগুন: অন্তত ২৫ জন আনসার সদস্য আহত

“আনসার সদস্যরা প্রাথমিক মুহূর্তে আগুন দেখতে পেয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন এবং ঝুঁকি থাকা সত্ত্বেও প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2025, 07:35 PM

Updated : 26 Aug 2026, 02:30 PM

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৫ জন আনসার সদস্য আহত হয়েছেন।

তাদের সিএমএইচ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে আনসারের উত্তর জোন কমান্ডার মো.  গোলাম মৌলাহ তুহিন জানিয়েছেন। 

আর ডিএমপি'র উত্তরা বিভাগের ডিসি বলেছেন, “১০ জনের মত আহত হওয়ার কথা শুনেছি। সবাই উদ্ধার করতে গিয়ে আহত বা অসুস্থ হয়েছেন। কেউই তেমন গুরুতর না।”

বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সের যে অংশে কুরিয়ারের কাজকর্ম চলে, শনিবার বেলা সোয়া ২টার দিকে সেখানে আগুনের সূত্রপাত হয় বলে কর্মীরা জানিয়েছেন।

ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট সেখানে আগুন নেভাতে কাজ করছে। সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ, আনসার, সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী সদস্যরাও যোগ দিয়েছেন অগ্নি নির্বাপণের কাজে। 

গোলাম মৌলাহ তুহিন বলেন, বিমানবন্দরের ৮ নম্বর গেইটের পাশে বিভিন্ন কোম্পানির আমদানি করা কেমিকেল, গার্মেন্টস পণ্য, ইলেকট্রনিকস ও মেশিনারিজ পণ্য যেখানে রাখা হয়, সেখানে আগুন লাগে। 

“আনসার সদস্যরা প্রাথমিক মুহূর্তে আগুন দেখতে পেয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন এবং ঝুঁকি থাকা সত্ত্বেও প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।”

বিমানবন্দরে কর্মরত প্রায় এক হাজার আনসার সদস্য উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে সহযোগিতা করছেন বলে জানান তিনি।

এয়ারপোর্ট কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি খায়রুল আলম ভুইয়া মিঠু বলছেন, শুক্র ও শনিবার সরকারি ছুটির দিনে কার্গো ভিলেজের নিয়মিত কাজকর্ম বন্ধ থাকলেও কুরিয়ার শাখায় আধাবেলা পর্যন্ত কাজকর্ম চলে।২টার দিকে তাদের লোকজন বের হয়ে যাওয়ার পরপর আগুনটা লাগে। 

"সেখানে তখনো অনেক শ্রমিক, আনসারসহ লোকজন ছিল। কিন্তু আগুন লাগার পর আনসারসহ অন্যরা সবাইকে সরিয়ে দেন। তখন বলা হয় এই গুদামে গোলাবারুদসহ কেমিকেল রয়েছে, ব্লাস্ট হইতে পারে। সবাই সরে যান।"

মিঠু অভিযোগ করেন, "আগুন নেভাতে এসে ফায়ার সার্ভিসের গাড়িও ৮ নাম্বার গেটে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। অনুমতিজনিত জটিলতায় তারা ঢুকতে পারছিল না।"

বিমানের তিনজন কর্মী বাইরে দাঁড়িয়ে ছিলেন। তারা বলছেন, কুরিয়ার শাখা থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর তারা দৌড় দিয়ে বের হয়ে আসেন। 

এ ঘটনায় দেশের প্রধান এ বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এক ডজনের বেশি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে অন্য বিমানবন্দরে গেছে।