২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকে ১১ মাসে সাড়ে ১১ হাজার অভিযোগ

এই সময়ে ৫১২টি মামলা দায়ের করা হয়েছে; আসামি করা হয়েছে ২ হাজার ১৯১ জনকে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2025, 09:48 PM

Updated : 26 Aug 2026, 05:11 PM

বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে চলতি বছরের অক্টোবর পর্যন্ত ১১ মাসে ১১ হাজার ৬৩০টি অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক), যার মধ্যে ৯৬০টি অভিযোগ আমলে নিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার সেগুনবাগিচায় দুদকের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য তুলে ধরেন সংস্থাটির কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।

দুদকের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আয়োজিত সভায় আলি আকবার ২০২৪ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত ১১ মাসের তথ্য তুলে ধরে বলেন, এ সময়ে ৫১২টি মামলা করা হয়েছে। আসামি করা হয়েছে ২ হাজার ১৯১ জনকে।

একই সময়ে দুদকের আবেদনে দেশে ৩ হাজার ৩৬১ কোটি ২৯ লাখ ৬৭ হাজার ৮৯১ টাকার সম্পদ ক্রোক করা হয়েছে। বিদেশে ক্রোক করা হয়েছে ৯৬ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ২৫ টাকার সম্পদ। এ ছাড়া দেশে ২২ হাজার ২২৬ কোটি ৭৯ লাখ ৩২ হাজার ৬০৬ টাকা ফ্রিজ করা হয়েছে এবং বিদেশে জব্দ হয়েছে ৩২৮ কোটি ১১ লাখ ১২ হাজার ৬৭৪ টাকা বা ২৪ হাজার ৭৯০ ডলার।

তার দেওয়া তথ্য অনুযায়ী, ১১ মাসে দুদক ৭৯৮টি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে। এর মধ্যে ১৮৮টি অনুসন্ধানের সিদ্ধান্তে নেওয়া হয়েছে। মামলা হয়েছে ২৮টি। এই ১১ মাসে চারটি ‘ফাঁদ’ মামলা হয়েছে। ৩১৫টি অভিযোগপত্র দেওয়া হয়েছে, যেখানে আসামির সংখ্যা ১ হাজার ৭৮। একই সময়ে ৭৩টি মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল হয়েছে।

এ সময়ে ২৪৯টি মামলার নিষ্পত্তি হয়েছে, এর মধ্যে ১২৬টির রায়ে সাজা হয়েছে এবং ১২৩টিতে আসামিরা খালাস পেয়েছেন। এসব মামলায় মোট ৫ হাজার ৫৭ কোটি ৯৪ লাখ ৮ হাজার ৩১০ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং বাজেয়াপ্ত করা হয়েছে ৩২১ কোটি ৮৮ হাজার ১৯৩ টাকার সম্পদ।

ক্ষমতার পালাবদলের মধ্যে গত বছরের ডিসেম্বরে দুদক চেয়ারম্যানের দায়িত্ব পান মোহাম্মদ আবদুল মোমেন। একইসঙ্গে অন্য দুই কমিশনারও দায়িত্ব পান।