সাবেক প্রতিমন্ত্রী জাকিরের ১৩৭ শতক জমি জব্দ
ঢাকা মহানগর জেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের ১৩৭ শতক জমি জব্দের আদেশ দিয়েছে আদালত।
একই সঙ্গে তার নয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এসব হিসাবে ৪ কোটি ৬৭ লাখ টাকা রয়েছে।
দুর্নীতি দমন কমিশন-দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংস্থার উপপরিচালক মিনহাজ বিন ইসলাম সাবেক প্রতিমন্ত্রী জাকিরের এসব স্থাবর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।
২০২৪ সালের ৫ অগাস্ট গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। সেই আন্দোলনের সময় একটি হত্যাকাণ্ডের মামলায় ২০ অক্টোবর সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য জাকির হোসেনের বিরুদ্ধে গত ১১ সেপ্টেম্বর দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরুর তথ্য দিয়েছিল দুদক।
এর পর গত ২১ জানুয়ারি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে ‘অসঙ্গতিপূর্ণ’ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে সংস্থাটি।
মামলায় বলা হয়, জাকির হোসেন অসৎ উদ্দেশ্যে নিজ স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সরকারের দায়িত্বশীল পদে থেকে ‘অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ’ ১২ কোটি ৮১ লাখ ১৪ হাজার ৩৮৯ টাকার সম্পদ অর্জন করে তা দখলে রেখেছেন।
তিনি নিজ নামে ৯টি ব্যাংক হিসাবে ১৭ কোটি ৫৬ লাখ ১৯ হাজার ২৭৭ টাকা জমা এবং ১২ কোটি ৮৯ লাখ ১২ হাজার ৮১০ টাকা উত্তোলনের মাধ্যমে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন হয়েছে। এসব লেনদেনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির ‘অবৈধ’ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে এর হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করার অপরাধ করেছেন।
স্থাবন সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার জন্য আদালতে দেওয়া আবেদনে বলা হয়েছে, জাকির হোসেনর অর্জিত স্থাবর, অস্থাবর সম্পদ হস্তান্তর, স্থানান্তর বা মালিকানা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
নবম ও একাদশ সংসদের নির্বাচিত সংসদ সদস্য জাকির হোসেন দ্বাদশ সংসদে আওয়ামী লীগের মনোনয়ন পাননি।
একাদশ সংসদে জয়ী হওয়ার পর ২০১৯ সালে শেখ হাসিনার মন্ত্রিসভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন তিনি।
