১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জনগণ এখন গণতন্ত্র উপভোগ করছে: শেখ হাসিনা

প্রস্তাবিত বিমসটেক সচিবালয় ভবন নির্মাণের কাজ তিন বছরের মধ্যে শেষ করার পরিকল্পনার কথা তুলে ধরেছেন তিনি।

জনগণ এখন গণতন্ত্র উপভোগ করছে: শেখ হাসিনা

জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মঙ্গলবার সৌজন্য সাক্ষাত করেন বিমসটেক মহাসচিব ইন্দ্র মনি পান্ডে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2024, 12:31 AM

Updated : 14 Feb 2024, 12:31 AM

গ্রামীণ উন্নয়নে তার সরকার সবসময় মনোযোগী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গ্রামাঞ্চল পরিদর্শন করার কথা জানিয়ে আবাদ বাড়াতে নিজের উদ্যোগের কথাও বলেছেন তিনি।

“আমি সকলকে অনুরোধ করেছি যেন খাদ্য উৎপাদনে নিয়োজিত হন, যে যা পারেন।”

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদে তার কার্যালয়ে বিমসটেক মহাসচিব ইন্দ্র মনি পান্ডে সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

পরে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম সাখাওয়াত মুন আলোচনার বিষয়বস্তু ব্রিফ করেন বলে বাসস জানিয়েছে।

বৈঠকে সরকারপ্রধান বলেছেন, আওয়ামী লীগ টানা চার মেয়াদে ক্ষমতায় আসায় বাংলাদেশের জনগণ এখন গণতন্ত্র উপভোগ করছে।

টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান বিমসটেক মহাসচিব ইন্দ্র মনি পান্ডে।

তিনি বলেন, বিমসটেক বাংলাদেশের সঙ্গে চমৎকার সম্পর্ক অব্যাহত রাখবে।

বাংলাদেশের উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা এবং এলডিসি উত্তরণে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনার প্রশংসা করেন বিমসটেক মহাসচিব।

ভারত সবসময় বাংলাদেশের বন্ধু উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ১৯৭১ সালে বাংলাদেশকে অনেক সাহায্য করেছিল ভারত এবং প্রায় এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তিনি ও তার বোন শেখ রেহানা ভারতে আশ্রয় নিয়েছিলেন।

তিনি বলেন, ঢাকায় অনুষ্ঠিতব্য সপ্তম শীর্ষ সম্মেলনের জন্য প্রস্তাবিত বিমসটেক সচিবালয় ভবনের নির্মাণ কাজ তিন বছরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা করেছে সরকার।

পরবর্তী বিমসটেক সম্মেলনের পর বাংলাদেশ যখন সভাপতিত্ব করবে, তখন এ জোটের কার্যক্রম আরও জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন উপস্থিত ছিলেন।