পল্লবীতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের ওপর হামলা
পোশাক খাতের মজুরি নিয়ে গাজীপুরে চলমান শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের জের ধরে মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকার কনকর্ড এবং ডিকু গার্মেন্টেসের শ্রমিকরা পল্লবীতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান
ঢাকার পল্লবীতে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভে নামা পোশাক শ্রমিকদের ওপর হামলা অভিযোগ পাওয়া গেছে। তবে হামলায় কেউ গুরুতর আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
পোশাক খাতের মজুরি নিয়ে গাজীপুরে চলমান শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ১০টার দিকে কনকর্ড এবং ডিকু গার্মেন্টেসের শ্রমিকরা পল্লবীতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। রাস্তায় নামার ঘণ্টাখানেক পরই শ্রমিকদের ওই বিক্ষোভে দুর্বৃত্তরা হামলা চালায়।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শ্রমিকদের ওপর হামলা হয়েছিল। ওই সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে আশপাশ থেকে আরো শ্রমিক এসে তাদের সঙ্গে যোগ দেয়। পরে পুলিশ পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়। “
পুলিশের সহকারী কমিশনার শহিদুল ইসলাম বলেন, “তাদের (শ্রমিক) আমরা বুঝিয়ে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করি। কিন্তু তারা বেতনভাতা বৃদ্ধির দাবিতে অনড় রয়েছেন। মাঝেমধ্যে শ্রমিকদের ভিড় কিছুটা হালকা হলেও আবার অন্য কোনো গার্মেন্টেসের শ্রমিকরা এসে তাদের সঙ্গে যোগ দিচ্ছেন।
“মালিকপক্ষের লোকজনও আছে। তারাও বাধা দিলে উত্তেজনা হয়। এছাড়া শ্রমিকদের মধ্যে কেউ কেউ আছেন যারা রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ করতে চাননি, এটা নিয়েও শ্রমিকদের মধ্যে ঝামেলা আছে।”
শ্রমিকদের এই বিক্ষোভের সঙ্গে বিএনপি-জামায়াতের অবোরোধ কর্মসূচির কোনো সংশ্লিষ্টতা নেই বলে পুলিশের ভাষ্য।
বেতন বৃদ্ধির দাবিতে গত এক সপ্তাহ ধরে ধারাবাহিক বিক্ষোভ করে আসছেন গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকরা। সোমবার গাজীপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধলে গুলিবিদ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়। বিক্ষোভ চলাকালে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় আগুন দেওয়া হয়; সেখানে প্রাণ যায় আরেকজনের।
মঙ্গলবারও গাজীপুরের বিভিন্ন এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
তাদের অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কালিয়াকৈরের মৌচাক বাজার এলাকায় একটি পুলিশ ফাঁড়িতে হামলা চালায় শ্রমিকরা।
এ পরিস্থিতিতে কোথাও সহিংসতার আশঙ্কা দেখা দিলে কারখানা বন্ধ করে দেওয়ার কথা বলেছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
