বগুড়ার সাবেক এমপি রিপু ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
‘জ্ঞাত আয় বহির্ভূত’ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলার মধ্যে বগুড়া-৬ আসনের সাবেক এমপি রাগেবুল আহসান রিপু ও তার স্ত্রী জোবাইদা আহসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
দুদকের আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য দিয়েছেন।
সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ জাকারিয়া দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদনে বলেন, রাগেবুল আহসান রিপুর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকা অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অভিযোগ সংশ্লিষ্টরা দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন। সে কারণে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশযাত্রা ঠেকানো প্রয়োজন।
