Published : 04 Aug 2026, 12:08 AM
আপিল বিভাগের স্থগিতাদেশের তথ্য গোপন করে উচ্ছেদ কার্যক্রমের ওপর হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর আবেদন করায় খাগড়াছড়ি জেলা ইটভাটা মালিক সমিতিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে হাই কোর্ট।
একই সঙ্গে রিট আবেদনকারী পক্ষ মামলাটি আর পরিচালনা করতে না চাওয়ায় এ সংক্রান্ত রুল ডিসচার্জ করে জরিমানার অর্থ আগামী ১৫ দিনের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতেও সংগঠনটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদেশের অনুলিপি মামলার সব বিবাদীর কাছে পাঠানোরও নির্দেশ দিয়েছে আদালত।
আদালতে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী পারভেজ হোসেন।
মামলার নথির বরাত দিয়ে বলা হয়, খাগড়াছড়ি জেলার ১৯টি ইটভাটার মালিকের পক্ষে খাগড়াছড়ি জেলা ইটভাটা মালিক সমিতি রিট আবেদন করলে গত ১৩ জানুয়ারি হাই কোর্ট রুল জারি করে উচ্ছেদ কার্যক্রমের ওপর ছয় মাসের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেয়। পরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিবের আবেদনের পর গত ৫ মার্চ আপিল বিভাগের চেম্বার আদালত হাই কোর্টের দেওয়া ওই অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা স্থগিত করে।
কিন্তু আপিল বিভাগের এই আদেশের পরও গত ৬ জুলাই খাগড়াছড়ি জেলা ইটভাটা মালিক সমিতি হাই কোর্টে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর আবেদন করে। ওই আবেদনের শুনানির সময় আপিল বিভাগের স্থগিতাদেশের বিষয়টি আদালতের নজরে আনা হয়নি। আদালতের নজরে স্থগিতাদেশের বিষয়টি না আসায় সে সময় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়।
এইচআরপিবির সভাপতি মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিন পার্বত্য জেলায় অবৈধ ইটভাটা উচ্ছেদ সংক্রান্ত জনস্বার্থের বিভিন্ন মামলায় তিনি আইনজীবী হিসেবে যুক্ত আছেন। আপিল বিভাগের স্থগিতাদেশ বহাল থাকার পরও হাই কোর্টে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর বিষয়টি জানতে পেরে তিনি রোববার আদালতকে অবহিত করেন। পরে আদালত বিষয়টি শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্ত করেন।”