২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

রাস্তায় কাঁদছিল পলিথিনে মোড়ানো নবজাতক, উদ্ধার করল পুলিশ

চার-পাঁচ দিন বয়সি মেয়ে শিশুটিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Sep 2026, 08:06 PM

Updated : 24 Sep 2026, 08:06 PM

রাজধানীর শাহ আলী এলাকায় রাস্তার পাশে কালো পলিথিনে মুড়িয়ে ফেলে রাখা চার-পাঁচ দিন বয়সি এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।

শাহ আলী থানার ব্লক ডি-এর ৮ নম্বর সড়কের পাশের একটি খালি জায়গা থেকে গত বুধবার সন্ধ্যায় শিশুটিকে উদ্ধার করা হয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে শাহ আলী থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

বৃহস্পতিবার ৯৯৯-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সন্ধ্যায় এক ব্যক্তি ফোন করে সড়কের পাশে কালো পলিথিনের ব্যাগের ভেতরে একটি নবজাতক পড়ে আছে বলে তথ্য দেন। শিশুটি খুব কান্নাকাটি করছিল। বিষয়টি তাৎক্ষণিকভাবে শাহ আলী থানায় জানানো হয়।

পরে শাহ আলী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে চার-পাঁচ দিন বয়সি মেয়ে শিশুটিকে জীবিত উদ্ধার করে। প্রথমে শিশুটিকে শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা উদ্ধার করে বাচ্চাটিকে হাসপাতালে দিয়ে এসেছি। তার কী ধরনের শারীরিক সমস্যা আছে সেটা অবশ্য আমরা বলতে পারব না। দিয়ে আসার পরের খবর জানি না।”