২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কার্গো ভিলেজে আগুন: ক্ষয়ক্ষতি নিরূপণে আইআরডির কমিটি

আইআরডি বলছে, কমিটি দ্রুততম সময়ের মধ্যে বিমানবন্দরের অগ্নিকাণ্ডে সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন করে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2025, 01:05 AM

Updated : 26 Aug 2026, 02:30 PM

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ লাগা আগুনের ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণে পাঁচ সদস্যের কমিটি করেছে সরকার।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, আইআরডির যুগ্ম সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান পাটওয়ারীকে আহ্বায়ক করে গঠিত এই কমিটিতে সদস্য সচিব হিসেবে থাকছেন উপসচিব পঙ্কজ বড়ুয়া।

কমিটির বাকি সদস্যরা হলেন–জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব মু. রইচ উদ্দিন খান; প্রথম সচিব মো. তারেক হাসান; এবং ঢাকা কাস্টম হাউজের যুগ্ম কমিশনার মুহাম্মদ কামরুল হাসান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি দ্রুততম সময়ের মধ্যে বিমানবন্দরের অগ্নিকাণ্ডে সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন করে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে।

এনবিআর বিশেষ ব্যবস্থায় ঢাকা কাস্টম হাউজের আমদানি-রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ নিয়েছে বলেও জানানো হয়েছে সেখানে। 

শনিবার দুপুর সোয়া ২টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার পর রাত সোয়া ৯টার দিকে তা নিয়ন্ত্রণে আসে। এই সময় দেশের প্রধান এই বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকে।