পিএসসির নিয়োগ পরীক্ষার আগে ‘সিক্রেট সাজেশন’, যুবক গ্রেপ্তার
‘শেষ মুহূর্তের চূড়ান্ত সিক্রেট সাজেশন’, ‘হুবহু কমন পাবেন ৮০/৯০ পারসেন্ট’- এমন প্রচারণা চালিয়েছে চক্রটি, বলছে পুলিশ।
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) বিভিন্ন নন-ক্যাডারের পদে নিয়োগ পরীক্ষার আগে ‘শেষ মুহূর্তের সিক্রেট সাজেশন’ দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
জামালপুর থেকে সোমবার তাকে গ্রেপ্তারের তথ্য দিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত ডিআইজি মো. জাহিদুল ইসলাম।
পুলিশ বলছে, গ্রেপ্তার মতিউর রহমান (৩২) সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে চাকরি প্রার্থীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। একটি চক্রের মাধ্যমে তিনি সেই কাজ করছিলেন, যার হোতা তিনি নিজেই।
ঢাকার মালিবাগের সিআইডির প্রধান কার্যালয়ে বুধবার সংবাদ সম্মেলনে জাহিদুল ইসলাম বলেন, চক্রটি পরীক্ষার আগে নিশ্চিত সাজেশনের নামে ফেইসবুক পেজে ‘সিক্রেট শিট, কেউ হাতছাড়া করবেন না’, ‘শেষ মুহূর্তের চূড়ান্ত সিক্রেট সাজেশন’, ‘হুবহু কমন পাবেন ৮০/৯০ পারসেন্ট’- এমন প্রচারণা চালিয়ে আসছিল। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন শিট বিভিন্নজনকে পাঠাচ্ছিল। অর্থ লেনদেনের জন্য চক্রটি মোবাইল আর্থিক লেনদেন সেবার মাধ্যমগুলো ব্যবহার করছিল।
সিআইডির এ কর্মকর্তা বলেন, পিএসসির এক সহকারী গত ১ সেপ্টেম্বর বিষয়টি নিয়ে শেরে বাংলা নগর থানায় অভিযোগ দেন। সেদিনই সিআইডি জামালপুর থেকে মতিউরকে গ্রেপ্তার করে।
চক্রের সঙ্গে জড়িত অন্যদের ব্যাপারেও খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
