অডিট আপত্তি আর দুর্নীতি এক নয়, দুদকের চিঠি প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা
ভুল বোঝাবুঝির অবকাশ রয়েছে কি না, এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “অবকাশ আছে বলে আমার মনে হয়।”
দশ দেশে বাংলাদেশ দূতাবাসের ৩৮ কর্মকর্তার তথ্য চেয়ে দুদক যে চিঠি দিয়েছে, সেখানে কয়েকটি অডিট আপত্তি ধরনের অভিযোগ থাকায় ‘ভুল বোঝাবুঝি’ হতে পারে বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তবে দুদক যে চিঠি দিয়েছে, সে অনুযায়ী পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন তিনি।
দুদকের চিঠি প্রসঙ্গে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “অভিযোগের ধরণ দেখে মনে হচ্ছে, অনেকগুলো অডিট অবজেকশনের ফলাফল। অডিট অবজেকশন আর দুর্নীতি এক জিনিস না।”
সাবেক এই পররাষ্ট্র সচিব বলেন, “অডিট অবজেকশন হলে সেটা সমাধা করবে, সমাধা না করলে পেনশন হবে না। হয়ত দেখা যাবে, শেষ পর্যন্ত দিতে হবে কিছু টাকা, সেটা কেটে রেখে বাকি টাকা দেওয়া হবে। তো, আমরা দেখব।”
দুদককে সহযোগিতা করার বিষয়ে তিনি বলেন, “সহযোগিতা তো অবশ্যই করব। আমরা তো চাই না কোনো দুর্নীতি হোক। কাজেই যেটুকু সহযোগিতা চাইবে আমরা করব, দেখতে হবে দুর্নীতি হয়েছে কিনা। সেটা দেখে সেভাবে সহযোগিতা করব।
ভুল বোঝাবুঝির অবকাশ রয়েছে কি না, এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “অবকাশ আছে বলে আমার মনে হয়। তবে আমি নিশ্চিত করে কিছু বলব না যতক্ষণ প্রতিটা কেইস আমি ডিটেইলস দেখব। প্রথমে ডিজি অ্যাডমিন, পররাষ্ট্র সচিব দেখবে, পরে আমার কাছে আসলে আমি দেখব।”
দুর্নীতির অভিযোগ ওঠায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ ১০ দেশে বাংলাদেশ দূতাবাসের ৩৮ কর্মকর্তা–কর্মচারীর তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
দুদকের এক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ থেকে এ চিঠি পাঠানো হয়। সেখানে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ ৩৮ কর্মীর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের অনুসন্ধানে নেমেছে কমিশন।
চিঠিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ছাড়াও সৌদি আরব, চীন, দুবাই, ইতালি, সুইজারল্যান্ড, ফিলিপিন্স ও মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে কর্মরত রাষ্ট্রদূত, হেড অব চ্যান্সেরি, প্রধান কনস্যুলার পদমর্যাদার কর্মকর্তাদের তথ্য চেয়েছে দুদক।
কমিশন বলেছে, সুষ্ঠু তদন্ত কাজের স্বার্থে এই কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল, পদবি, স্থায়ী এবং বর্তমান ঠিকানা আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে হবে।
সেই সঙ্গে কর্মকর্তাদের ২০১৬-১৭ অর্থ বছরের আগের কর্মস্থল, দায়িত্বপ্রাপ্ত শাখা ও ওই সময়ের পদবিরও বিস্তারিত তথ্য জানতে চেয়েছে দুদক।
তথ্য দেওয়ার পাশাপাশি অডিট আপত্তি আর দুর্নীতির মধ্যে ‘দ্বিধাদ্বন্দ্ব’ দূর করার পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরে কলকাতা মিশনে কাজ করার সময় নিজেও এমন একটি আপত্তির মুখে পড়েছিলেন বলে জানান তৌহিদ হোসেন।
তিনি বলেন, একটি গাড়ির কেনার ক্ষেত্রে অগ্রিম হিসাবে ‘এজেন্টকে’ দেওয়া চার লাখ টাকার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের অডিট আপত্তির মুখে পড়তে হয়েছিল তাকে। পরে মন্ত্রণালয়ে কথা বলে সমাধান করার কথা বলেন তিনি।
তৌহিদ হোসেন বলেন, “এখন অ্যাডভান্স দেয়া হয়েছে এজেন্টকে, কিন্তু এজেন্ট মানে কি, বাংলায় দালাল। কিন্তু আসলে গাড়ির কোম্পানির এজেন্ট ওরা। অভিযোগ এসেছে যে, দালালকে দেওয়া হয়েছে চার লাখ টাকা সেটা আদায়যোগ্য। এটা কিন্তু একটা অবজেকশন। অবজেকশনটা আমার বিরুদ্ধে, আমি কেন দিলাম, আমার কাছ থেকে নাকি এ টাকা আদায়যোগ্য হবে।”
তিনি বলেন, “বুঝতে হবে যে, গাড়ি কিনতে হলে বুকিং দিতে হয়, সেজন্য আগাম কিছু টাকা দিতে হয়। অডিট অবজেকশন অনেক সময় এরকম হয়। সেগুলোকে দুর্নীতি হিসাবে দেখা হচ্ছে কিনা দেখতে হবে।”
অনেকে অতিউৎসাহী হয়ে অনেকের বিরুদ্ধে মামলা করছেন, এটি তেমন কিনা জানতে চাইলে তিনি বলেন, “এটা হতেই পারে, সবসময়ই হয় এটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তার কিছু নেই।”
