দেশের ‘সবচাইতে বড় সমস্যা’ সীমাহীন দুর্নীতি: প্রধান উপদেষ্টা
“পুরো বিশ্ব বুঝে গেছে, আমরা জাতি হিসেবে সততার পরিচয় বহন করি না,” বলেন তিনি।
সীমাহীন দুর্নীতিকে বাংলাদেশের ‘সবচাইতে বড় সমস্যা’ হিসেবে তুলে ধরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, বিগত ‘স্বৈরাচারী সরকার’ দুর্নীতিকে বিশ্বের ‘শীর্ষ স্থানে’ নিয়ে গেছে।
দুর্নীতির ফলে শুধু যে সবকিছুতে ‘অবিশ্বাস্য রকম ব্যয় বৃদ্ধি পাচ্ছে’ তাই না, এর ফলে সরকার ও জনগণের সকল আয়োজন ‘বিকৃত’ হয়ে যায় বলেও মন্তব্য করেন তিনি।
মুহাম্মদ ইউনূস বলেন, “সরকারের লক্ষ্য, নীতিমালা, প্রাতিষ্ঠানিক আয়োজন, সরকারি কর্মকর্তাদের দায়দায়িত্ব যা কিছু কাগজে লেখা থাকে তার সবকিছু অর্থহীন হয়ে যায়।
“দেশ চলে অলিখিত আয়োজনে। সরকারকে চলতে হয়, ব্যবসায়ীকে চলতে হয়, শিল্পপতিকে চলতে হয়, বিনিয়োগকারীকে চলতে হয়, দেশের সকল নাগরিককে এই অলিখিত নিয়মে চলতে হয়।”
স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতর সামনে রেখে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। তার এই ভাষণ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে একযোগে প্রচার করা হয়।
ছাত্র-জনতার প্রবল আন্দোলনে গত ৫ অগাস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনের অবসান ঘটে।
৮ অগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বঙ্গভবনে শপথ গ্রহণ করেন। সে দিনেই জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেন প্রধান উপদেষ্টা ইউনূস।
১৬ বছরে শেখ হাসিনার ‘ভয়াবহ লুটপাটের’ পর ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তারা পালিয়ে যাওয়ার সময় এক ‘লণ্ডভণ্ড অর্থনীতি’ রেখে গেছে বলে তুলে ধরেন মুহাম্মদ ইউনূস।
দায়িত্ব নেওয়ার পর অর্থনীতি পুনরুদ্ধারের জন্য নানা উদ্যোগ নেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ ছিল ব্যাংকিং ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনা, আমানতকারীর স্বার্থ রক্ষা করে নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, হিসাবপত্রে বিশ্বাসযোগ্যতা স্থাপন করা।”
ব্যাংকিং ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনার ফলে অর্থনীতিতে শৃঙ্খলা ফিরেছে বলে দাবি করেন তিনি।
চ্যালেঞ্জ মূল্যস্ফীতিকে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, “ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি ৯.৩২ শতাংশের নিচে নেমে এসেছে, যা ২২ মাসের মধ্যে সর্বনিম্ন। আগামী জুন মাসের মধ্যে এটি ৮ শতাংশের নিচে নেমে আসবে বলে আশা করছি।”
রেমিট্যান্স প্রবাহে রেকর্ডের তথ্যও তুলে ধরেন মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “দেশের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিতে স্বস্তি এনে দিয়েছে প্রবাসী ভাই-বোনেরা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে রেমিট্যান্স ধারাবাহিকভাবে বেড়েছে। ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ রেকর্ড গড়েছে, প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়ে আড়াই বিলিয়ন ডলারে পৌঁছেছে।”
‘পলাতক সরকারের’ আমলে ‘চর দখলের’ মত দেশের ব্যাংকগুলি ‘দখল করে’ নেওয়া হয়েছিল বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, “আমানতকারীর টাকাকে তারা নিজেদের ব্যক্তিগত টাকায় রূপান্তরিত করে ফেলেছিল।”
মুহাম্মদ ইউনূস বলেন, “গত সরকারের লুটপাটের মহোৎসবে গত ১৫ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে-এটা আমরা জানি। কত রকমভাবে পাচার হয়েছে তাও জানার বিষয়। অভিনব একেকটা পদ্ধতি ছিল। পাচারের একটা পদ্ধতি সবাইকে হতভম্ব করে দিয়েছে।
“এই পাচার হয়েছে-বিদেশে অধ্যয়নরত সন্তানের কাছে টাকা পাঠানোর নামে। তিনি সন্তানের লেখাপড়ার জন্য এক সেমিস্টারের অর্থাৎ তিন মাসের খরচ বাবদ অফিসিয়াল ব্যাংকিং চ্যানেলে পাঠিয়েছেন ৩ কোটি ৩৩ লক্ষ ডলার অর্থাৎ প্রায় ৪০০ কোটি টাকা।”
এই অর্থ পাচারকারীদের দ্রুত আইনের আওতায় আনতে আন্তর্জাতিক তৎপরতা জোরদার করা হয়েছে বলে তুলে ধরেন প্রধান উপদেষ্টা।
দুর্নীতিমুক্ত হতে না পারলে ব্যবসা-বাণিজ্য কিছুই চলবে না মন্তব্য করে মুহাম্মদ ইউনূস বলেন, “পুরো বিশ্ব বুঝে গেছে, আমরা জাতি হিসেবে সততার পরিচয় বহন করি না। এটা শুধু জাতীয় কলঙ্কের বিষয় নয়, আন্তর্জাতিক বাণিজ্যে এটা আত্মঘাতী বিষয়।
“দেশবাসীর মত আন্তর্জাতিক সম্প্রদায়ও চায় আমরা দুর্নীতিমুক্ত হই, কারণ তারা আমাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ করতে চায়। দুর্নীতি থেকে মুক্ত হওয়া ছাড়া বাংলাদেশের কোনো গতি নেই।”
সরকার সকল কাজ দুর্নীতিমুক্ত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যাচ্ছে তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, “এই সরকারের মেয়াদকে দুর্নীতিমুক্ত রাখার চেষ্টার পাশাপাশি আগামী দিনেও দেশের নাগরিককে যেন সরকারের পৃষ্ঠপোষকতা পুষ্ট দুর্নীতি থেকে মুক্ত রাখতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
দুর্নীতি ও হয়রানি রোধে সরকারের সেবা ডিজিটাইজড করার কথা উঠে আসে তার বক্তব্যে। তিনি বলেন, “দুর্নীতি প্রতিরোধের অংশ হিসেবে সরকারি সব অফিসে ই-ফাইলিং চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
অনলাইনে সেবা সহজ করার বিষয়ে নাগরিকদের পরামর্শও চান প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, “অনলাইনে সেবা পাওয়ার পদ্ধতিটি আরও কীভাবে সহজ করা যায় এ ব্যাপারে আমাদের কাছে পরামর্শ জানিয়ে লিখুন, ই-মেইল করুন। আপনি বা আপনার পরিবারের যে কেউ এই সেবা বাণিজ্যিকভাবে দিতে চাইলে, প্রশিক্ষণ গ্রহণ করে পৃথিবীর যেকোনো স্থান থেকে এই সেবা দিতে পারবেন।”
হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, “বিগত সরকারের আমলে ভিন্নমতকে দমন করার জন্য মিথ্যা মামলাকে হাতিয়ার হিসেবে বেছে নেওয়া হয়েছিল। বিভিন্ন পর্যায়ে যাচাই বাছাই করে আমরা এসব হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছি।
“গত ফ্যাসিস্ট সরকারের সময় দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলোর মধ্যে সারাদেশে এ পর্যন্ত ৬ হাজার ২৯৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। অন্য সকল হয়রানিমূলক মামলাও ক্রমান্বয়ে প্রত্যাহার করা হচ্ছে।”
এছাড়া সাইবার সিকিউরিটি আইনের অধীনে বিচারাধীন ‘স্পিচ অফেন্স’ সংক্রান্ত ৪১৩টি মামলা প্রত্যাহার করা হয়েছে এবং নতুন নাগরিকবান্ধব সাইবার সুরক্ষা আইন করা হচ্ছে বলে তুলে ধরেন প্রধান উপদেষ্টা।
জাতির উদ্দেশে ভাষণে অনলাইন জিডির কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। এছাড়া বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তির পাসপোর্টে ‘নো ভিসা রিকোয়ার্ড’ স্টিকার থাকলে কিংবা জন্মসনদ বা জাতীয় পরিচয়পত্র থাকলেই তিনি বিদেশ থেকে ‘পাওয়ার অব অ্যাটর্নি’ সম্পাদন করতে পারবেন বলেও জানান তিনি।
বিমান টিকেট কেনার পুরো প্রক্রিয়া অনলাইনে নিয়ে যাওয়ার কারণে টিকেটের দাম শতকরা ৫০ থেকে ৭৫ ভাগ কমে গেছে বলে তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “বিশেষ করে মধ্যপ্রাচ্যের প্রবাসী ভাই-বোনেরা এতে করে স্বস্তি পাচ্ছেন।”
সরকার ভূমিসেবা ডিজিটালাইজড করার উদ্যোগ নিয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “এই পদ্ধতিতে ভোগান্তি, অস্বচ্ছতা ও দুর্নীতির অবসান হবে। বর্তমানে সারাদেশে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চালু হয়েছে। এগুলোকে ক্রমান্বয়ে আরও জনবান্ধব করে স্থায়ী রূপ দেওয়া হবে।”
রাজস্ব সংস্কার কমিশনের সুপারিশ অনুসারে জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করার সিদ্ধান্তের কথাও তুলে ধরেন তিনি।
মুহাম্মদ ইউনূস বলেন, “এর জায়গায় দুটি পৃথক বিভাগ করা হচ্ছে। একটি হলো নীতি প্রণয়ন বিভাগ বা জাতীয় রাজস্ব নীতি বোর্ড, অন্যটি বাস্তবায়ন বিভাগ বা জাতীয় রাজস্ব সংগ্রহ বিভাগ।”
প্রধান উপদেষ্টা বলেন, “এর ফলে সরকারের পছন্দের ব্যক্তিরা হাজার হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার আর সুযোগ পাবে না। আমি আশা করি, পরবর্তীতে যারা সরকারে আসবেন তারাও এই নীতি বহাল রাখবেন।”
প্রযুক্তি ও সৃজনশীলতার যুগে তরুণরা সৃজনশীলতা প্রকাশের সুযোগ পেলে বন্যার স্রোতের মত দেশ দ্রুতবেগে পৃথিবীর বাজারের মধ্যস্থানে চলে যাবে বলে মনে করেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, “এই বিপুল তরুণ গোষ্ঠীর সামনে থেকে পথের বাধা সরিয়ে দেওয়াই হলো আমাদের সরকারের প্রধান লক্ষ্য। প্রযুক্তি আমাদের জন্য সুযোগ সৃষ্টি করছে। আমরা দ্রুতবেগে এ সুযোগ গ্রহণ করার কাজে নিজেদের নিয়োজিত করেছি।
“এমনভাবে আমরা প্রযুক্তি ব্যবহার করার কাজে নিয়োজিত হয়েছি যাতে নাগরিকের আঙ্গুলের ইশারায় সরকার তার সেবা নাগরিকের কাছে তাৎক্ষণিকভাবে হাজির করে। তা নিশ্চিত করার জন্য আমরা সে সেবা দিতে চাই প্রযুক্তির মাধ্যমে, সরকারি অফিসের মাধ্যমে নয়।”
পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন নিয়ম বাতিল করার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, “ফলে বর্তমানে নাগরিকরা আগের চেয়ে সহজভাবে পাসপোর্ট সেবা পাচ্ছেন। পুলিশ রিপোর্ট প্রাপ্তির নিয়ম বাতিল করার পর এ পর্যন্ত ৭০ হাজার নতুন পাসপোর্ট, যা বহুকাল ধরে পুলিশ রিপোর্ট আসার অপেক্ষায় আটকে ছিল, তা দ্রুত আবেদনকারীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে।”
মুহাম্মদ ইউনূস বলেন, “দেশের অভ্যন্তরে ই-পাসপোর্ট হোম ডেলিভারি দেওয়া সম্ভব হচ্ছে। আগামীতে সকলেই ঘরে বসে পাসপোর্ট পাবেন এটা নিশ্চিত করার চেষ্টা করছি।
“পাসপোর্ট দেওয়ার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা অত্যন্ত উৎসাহ সহকারে দ্রুত এসব পরিবর্তন আনার ব্যাপারে এগিয়ে আসছেন দেখে মনটা আনন্দে ভরে যায়।”
