Published : 12 Aug 2025, 10:46 PM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের স্ত্রী মাহফুজা খানমকে শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে।
বুধবার সকাল ১০টা থেকে এক ঘণ্টা সেখানে রাখা হবে; স্বজন ও শুভাকাঙ্ক্ষীসহ নানা শ্রেণিপেশার মানুষ তাকে ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায় দেবেন।
তার পরিবারের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর সকাল ১১টায় তার মরদেহ নেওয়া হবে ডাকসু ভবনের সামনে। সেখানে শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার দ্বিতীয় জানাযা হবে। এরপর তাকে সমাহিত করা হবে আজিমপুর কবরস্থানে।
১৯৬৬-৬৭ ডাকসু নির্বাচনে ছাত্র ইউনিয়নের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ভিপি হয়েছিলেন মাহফুজা খানম। ৮০ বছর বয়সে মঙ্গলবার সকালে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে তিনি মারা যান।
ইন্দিরা রোডে স্বামী শফিক আহমেদের সঙ্গে থাকতেন তিনি। শফিক আহমেদের সহযোগী আইনজীবী সিফাত মাহমুদ জানান, সকালে মাহফুজা খানম অসুস্থবোধ করছিলেন। তখন বাসা থেকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাহফুজা-শফিক দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বড় ছেলে ও মেয়ে পেশায় চিকিৎসক। ছোট ছেলে মাহবুব শফিক একজন আইনজীবী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ১৯৬৬ সালে স্নাতক ও পরের বছর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন মাহফুজা খানম। এরপর ১৯৬৮ সালে লন্ডনের সাসেক্স বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পেলেও রাজনৈতিক কারণে তখন তাকে পাসপোর্ট দেয়নি পাকিস্তান সরকার।
অধ্যাপক মাহফুজা বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যও ছিলেন তিনি।
তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিতে সাধারণ সম্পাদক এবং জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর আসরের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন। শিক্ষায় বিশেষ অবদান রাখায় ২০২১ সালে একুশে পদক পান।