সেন্ট মার্টিনে যেতে নিবন্ধনের সিদ্ধান্ত হয়নি: পরিবেশ মন্ত্রণালয়
কয়েকটি সংবাদ মাধ্যমে এমন তথ্য প্রকাশের পর এ নিয়ে তোলপাড় হয় সামাজিক মাধ্যমে। তারই পরিপ্রেক্ষিতে বিজ্ঞপ্তি দেয় মন্ত্রণালয়।
বঙ্গোপসাগরের দ্বীপ সেন্ট মার্টিনে যেতে নিবন্ধন লাগবে বলে বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ প্রকাশ হয়েছে, সেটি নাকচ করে দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
সংবাদ মাধ্যমে প্রকাশিত এই সংবাদ নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনার মধ্যে বৃহস্পতিবার রাতে এই বার্তা আসে যাতে বলা হয়, “সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে, এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বা পরিবেশ অধিদপ্তর।”
এদিন কক্সবাজারে সেন্টমার্টিন দ্বীপে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে একটি সেমিনার হয়। এতে সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় অংশীজনদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় সেন্টমার্টিন দ্বীপে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধে গুরুত্বারোপ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেখানে সেন্টমার্টিন দ্বীপে যাওয়ার জন্য নিবন্ধন চালুর প্রয়োজনীয়তার বিষয়টি নিয়ে আলোচনা করা হলেও এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।
“অর্থাৎ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বা পরিবেশ অধিদপ্তর এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।”
সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে গত এক বছরের বেশি সময় ধরেই নানা আলোচনা চলছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র এই দ্বীপটিতে ঘাঁটি গড়তে চায়, তিনি রাজি না বলেই তার সরকারকে সরাতে চায় দেশটি।
তবে যুক্তরাষ্ট্র সরকারও একাধিকবার এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, সেন্ট মার্টিনে ঘাঁটি করার কোনো আগ্রহই তাদের নেই।
এর মধ্যে সেন্ট মার্টিনে যেতে নিবন্ধনের তথ্য প্রকাশ হওয়ার পর সেই অভিযোগের বিষয়টি সামনে এনে পোস্ট করতে থাকেন অনেকে। এরই পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের এই বিজ্ঞপ্তি আসে।
