১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জ্যৈষ্ঠ মাসে বর্ষাকালের আগমনী বার্তা

“দক্ষিণ-পশ্চিম দিক থেকে আসা মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি হচ্ছে, যার মাধ্যমে দেশে কার্যত বর্ষাকালের সূচনা হলো।”

জ্যৈষ্ঠ মাসে বর্ষাকালের আগমনী বার্তা
বৃষ্টিতে ভিজে যাত্রী নিয়ে ছুটছেন এক রিকশাচালক। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা। ছবি: আব্দুল্লাহ আল মমীন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2026, 11:02 PM

Updated : 11 Sep 2026, 03:22 PM

জ্যৈষ্ঠের শেষ সপ্তাহে মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে যে বৃষ্টি ঝরছে, তাকে বর্ষার আগমনী বার্তা বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ার তথ্য দিয়েছেন অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির।

এদিন বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দক্ষিণ-পশ্চিম দিক থেকে আসা মৌসুমী বায়ুর প্রভাবে এ বৃষ্টিপাত হচ্ছে, যার মাধ্যমে দেশে কার্যত বর্ষাকালের সূচনা হলো।

"দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। এসব এলাকায় কার্যত বর্ষা এসে পড়েছে। মৌসুমীবায়ু আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে বাংলাদেশের বাকি অংশে বিস্তার লাভ করার জন্য অনুকূল অবস্থায় রয়েছে।”

এ আবহাওয়াবিদ বলেন, "মৌসুমীবায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে, যার প্রভাবে তাপমাত্রা  কিছুটা কমেছে। ফলে মে মাসের শেষ সপ্তাহ থেকে গেল সোমবার পর্যন্ত চলা টানা তাপপ্রবাহের অবসান হয়েছে। 

“বৃষ্টি যতদিন চলবে, ততদিন গরম কিছুটা কম অনুভূত হবে। তবে বাতাসে আদ্রতা বেশি থাকায় কখনো কখনো অস্বস্তিকর গরম অনুভূত হবে।"

বুধবার দুপুরে ঢাকায় ৩০ মিলিমিটার বৃষ্টি হওয়ার তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এদিন দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে; ৩৭ ডিগ্রি দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এই সময়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল লক্ষ্মীপুরের রামগতিতে; ২৩ ডিগ্রি সেলসিয়াস। 

আর পটুয়াখালীর খেপুপাড়ায় গেল ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ডের তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবারের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলেছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যাবে। বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি এবং কোথাও মাঝারী ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে। 

এদিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও অধিদপ্তরের আভাসে বলা হয়েছে।