শিল্পকলায় নিয়োগ বিজ্ঞপ্তি হাই কোর্টে স্থগিত
নিয়োগ বিজ্ঞপ্তির বিরোধিতা করে আসছিলেন একাডেমির কর্মকর্তা-কর্মচারীদের একটা অংশ।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির তিন উপপরিচালক পদের নিয়োগ বিজ্ঞপ্তি ছয় মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত ১৩ জানুয়ারি বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের বেঞ্চ এ আদেশ দেয়।
বুধবার সামনে আসা আদেশ থেকে জানা যায়, উপপরিচালক (প্রশাসন), উপপরিচালক (চারুকলা) ও উপপরিচালক (নাটক ও চলচ্চিত্র) পদে নিয়োগ দিতে গত ২২ ডিসেম্বর একটি বিজ্ঞপ্তি দেয় শিল্পকলা একাডেমি, যা ২৪ ডিসেম্বর পত্রিকায় প্রকাশিত হয়।
এই নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন সরকার জিয়াউদ্দিন আহমেদ।
ওই রিটের শুনানি নিয়ে হাই কোর্ট নির্দেশনাসহ রুল জারি করে। এই নিয়োগ বিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা আগামী ৩ ফেবরুয়ারির মধ্যে জানাতে রুলে বিবাদীদের নির্দেশ দেওয়া হয়েছে।
রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ছয় মাসের জন্য এ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত রাখার আদেশও দেয় আদালত।
রিটে সংস্কৃতি মন্ত্রণালয়, শিল্পকলা অ্যাকাডেমি ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে বিবাদী করা হয়েছে।
এর আগে নিয়োগ বিজ্ঞপ্তি সংবাদমাধ্যমে এলে এর বিরোধিতায় সরব হন একাডেমির কর্মকর্তারা-কর্মচারীরা।
তাদের আশঙ্কা, শিল্পকলায় যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, তাদের জন্য বিষয়টি ‘বৈষম্যমূলক’ হয়ে দাঁড়াবে। নির্দিষ্ট কাউকে শিল্পকলায় ‘চাকরি দেওয়ার দেওয়ার উদ্দেশ্যে’ এই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলেও সন্দেহ কারো কারো।
এ নিয়োগ প্রক্রিয়া বাতিল করার জন্য শিল্পকলার মহাপরিচালকের মাধ্যমে সংস্কৃতি উপদেষ্টাকে চিঠিও দিয়েছে একাডেমির কর্মকর্তা কল্যাণ সমিতি। চিঠিতে ৪৪ জন কর্মকর্তা করেন।
