২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উপপরিচালক পদে নিয়োগ দিচ্ছে শিল্পকলা, ক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা

কর্মকর্তা-কর্মাচারীদের কেউ কেউ মনে করছেন, ‘নির্দিষ্ট কাউকে’ শিল্পকলায় চাকরি দেওয়ার উদ্দেশে এই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

পাভেল রহমান পাভেল রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2026, 12:44 PM

Updated : 26 Aug 2026, 05:35 PM

বাংলাদেশ শিল্পকলা একাডেমির তিনটি বিভাগে উপপরিচালক পদে নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশের পর এর বিরোধিতায় সরব হয়েছেন কর্মকর্তারা-কর্মচারীরা।

তাদের আশঙ্কা, শিল্পকলায় যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, তাদের জন্য বিষয়টি ‘বৈষম্যমূলক’ হয়ে দাঁড়াবে। নির্দিষ্ট কাউকে শিল্পকলায় ‘চাকরি দেওয়ার দেওয়ার উদ্দেশ্যে’ এই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলেও সন্দেহ প্রকাশ করছেন কেউ কেউ। 

এ নিয়োগ প্রক্রিয়া বাতিল করার জন্য শিল্পকলার মহাপরিচালকের মাধ্যমে সংস্কৃতি উপদেষ্টাকে চিঠিও দিয়েছে শিল্পকলা একাডেমির কর্মকর্তা কল্যাণ সমিতি; চিঠিতে ৪৪ জন কর্মকর্তার সই আছে।

কল্যাণ সমিতি ছাড়াও একাডেমির কর্মকর্তা ও কর্মকাচারীদের আরও দুই সংগঠন থেকে এই বিষয়ে আলাদা চিঠি দেওয়া হয়েছে মহাপরিচালকের কাছে।

শিল্পকলা একাডেমির কর্মকর্তা কল্যাণ সমিতির চিঠির একটি কপি দেখেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। গত ৪ জানুয়ারি মহাপরিচালকের দপ্তরে গ্রহণ করার সিলও রয়েছে সেখানে। 

সংস্কৃতি উপদেষ্টা বরাবর লেখা ওই চিঠিতে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে চাকরিবিধি সংশোধনের দাবি জানিয়েছেন কর্মীরা।

তবে শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, কর্মীদের কাছ থেকে এ রকম কোনো চিঠি ‘তার হাতে পৌঁছায়নি’।

কর্মীদের যে কোনো বিষয়ে ‘সহানুভূতিশীল’ মন্তব্য করে তিনি বলেন, “সারাদেশে এই প্রতিষ্ঠানটির কর্মপরিধি ছড়িয়ে আছে, তবে সেই তুলনায় এখানে জনবল নেই। একাডেমির নিয়ম মেনেই উপপরিচালক পদে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে।”

চিঠির বিষয়ে জানতে চাইলে শিল্পকলার কর্মকর্তা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শেখ এহসানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “শিল্পকলার কর্মকর্তা ও কর্মচারীরা চিঠি দিয়ে মহাপরিচালক এবং সংস্কৃতি উপদেষ্টার কাছে তাদের কথা জানিয়েছে।”

কী বলছেন কর্মীরা

দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনের সর্ববৃহৎ সরকারি প্রতিষ্ঠান শিল্পকলা একাডেমির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাট্যশালা, জাতীয় চিত্রশালা এবং সংগীত ও নৃত্যকলা কেন্দ্র রয়েছে। এছাড়া দেশের ৬৩টি জেলা এবং বেশ কয়েকটি উপজেলায় অবকাঠামো পরিচালনাসহ প্রতিবছর অগণিত অনুষ্ঠান ও কর্মসূচী বাস্তবায়নের জন্য প্রায় ৬০০ জনবল রয়েছে।

শিল্পকলার অন্তত ১০ জন কর্মকর্তার সঙ্গে কথা বলেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। তারা বলেছেন, এই বিশাল কর্মযজ্ঞ পরিচালনার জন্য একাডেমিতে ‘যুগোপযোগী’ কোনো চাকরিবিধি নাই। ১৯৯২ সালে প্রণীত একটি চাকরিবিধি রয়েছে, যা ‘অসামঞ্জস্যপূর্ণ’। এই ‘অসম্পূর্ণ’ চাকরিবিধির কারণে একাডেমির কর্মযজ্ঞ পরিচালনায় নানা রকম বিশৃঙ্খলা তৈরি হয়েছে।

গেল বছরের অগাস্টে একাডেমির জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দের সঙ্গে এক সভায় দ্রুত সময়ে ‘অসামঞ্জস্যপূর্ণ’ চাকরিবিধি সংশোধন ও প্রণয়ন করে পদোন্নতি ও নতুন নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল বলেও জানান কর্মীরা।

গত ২৪ ডিসেম্বর একাডেমির উপপরিচালক (নাট্যকলা), উপপরিচালক (চারুকলা) ও উপপরিচালক (প্রশাসন)–এই ৩টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

অন্তর্বর্তী সরকারে শেষ সময়ে ‘তাড়াহুড়ো করে’ এই নিয়োগের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন একাডেমির কর্মীদের কেউ কেউ। তবে তারা ‘চাকরিজনিত সমস্যা বিবেচনায়’ নিজেদের নাম প্রকাশ করে মন্তব্য করতে চাননি।

তারা মনে করছেন, ‘নির্দিষ্ট কাউকে’ এখানে চাকরি দেওয়ার উদ্দেশ্য নিয়েই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই নিয়োগে অনিয়ম হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন তারা।

উপপরিচালক নিয়োগ হলে কী সংকট?

একাডেমির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের বয়সসীমা দেওয়া হয়েছে ৩৫ বছর। অথচ শিল্পকলায় এমনও কর্মকর্তা আছেন, যিনি ২০/২৫ ধরে কাজ করছেন। দীর্ঘ সময় কাজ করার পর যখন একজন অনভিজ্ঞ নবীন কর্মকর্তার অধীনে কাজ করতে হবে, সেটা তো ‘বৈষম্য’ এবং ‘নির্যাতন’ বাড়াবে।”

উপপরিচালক পদে কাজ করার মত যোগ্য কর্মকর্তা শিল্পকলাতেই আছেন মন্তব্য করে এই কর্মকর্তা বলেন, “সাত বছর পর পর পদোন্নতি হওয়ার নিয়ম থাকলেও কেউ কেউ এখানে এক যুগের বেশি সময় ধরে কোনো পদোন্নতি পাচ্ছেন না।”

শিল্পকলা একাডেমিতে সাধারণত মহাপরিচালক এবং পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। এবার উপপরিচালক পদেও নিয়োগ করা হলে দীর্ঘদিন ধরে কাজ করা কর্মীদের মাঝে হতাশা বাড়বে বলে তাদের ভাষ্য। 

পরিচালক পদেও কেন রাজনৈতিক নিয়োগ?

পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগের উদ্যোগ বাতিল করার পক্ষে যুক্তি দিয়ে আরেকজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিগত সরকারের আমলে টেলিভিশন অভিনেত্রীদের কেউ কেউ এখানে রাজনৈতিক কারণে পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। তারা প্রশাসনিক কাজে ছিলেন অনভিজ্ঞ। ফলে শিল্পকলার স্থায়ী কর্মীদের সঙ্গে তাদের একটা মনস্তাত্ত্বিক দূরত্ব ছিল, যা কর্মপরিবেশকে ব্যহত করত। এজন্য তেমন কোনো উল্লেখযোগ্য কাজ হয়নি।

“এখনও শিল্পকলায় এমন একাধিক পরিচালক আছেন, যাদের প্রশাসনিক কাজের দক্ষতা নেই। তবুও তারা রাজনৈতিক কারণে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন, যা একাডেমির স্বাভাবিক কাজের গতিকে নষ্ট করছে। তারা ২/৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগে শিল্পকলার কাজের ধরন বুঝতেই সময় চলে যায়। কেউ কেউ নানা অনিয়মেও জড়িয়ে পড়েন।”

পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ না দিয়ে, বরং শিল্পকলা পরিষদে যেন যোগ্য লোক আসে, তার ব্যবস্থা করা উচিত বলেও শিল্পকলার কর্মীদের কেউ কেউ মনে করেন।

শিল্পকলা আইন অনুযায়ী, পরিষদই হল জবাবদিহিতার সর্বোচ্চ জায়গা। বিগত সরকারের আমলেও লিয়াকত আলী লাকী মহাপরিচালক পদে থেকে পরিচালনা পরিষদকে ‘নিষ্ক্রিয় রেখেছিলেন এবং নানা অনিয়ম করেছেন’ বলে অভিযোগ ছিল। 

কর্মীরা বলছেন, এখনো পরিষদকে নিষ্ক্রিয় রেখে মন্ত্রণালয় শিল্পকলাকে ‘দাসত্বের জালে’ আটকে রেখেছে। পরিষদকে সক্রিয় করা এবং যৌক্তিক প্রবিধান প্রণয়নই শিল্পকলার কাজে গতি আনতে পারে বলে তাদের অভিমত।

সৈয়দ জামিল আহমেদ মহাপরিচালকের দায়িত্ব নেওয়ার পর শিল্পকলার প্রবিধান সংশোধন এবং পরিচালনা পরিষদকে সক্রিয় করার চেষ্টা করেছিলেন। কিন্তু হুট করেই তার পদত্যাগের পর সেই অগ্রগতিও থমকে যায়।

এ বিষয়ে মন্তব্য জানতে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে ফোন করা হলেও তিনি ধরেননি।

তবে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, শিল্পকলায় কিছু কর্মকর্তার বিরুদ্ধে বিগত সময়ে নানা অনিয়মের অভিযোগ আছে। এর মধ্যে দুই একজনের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিও দেওয়া হয়েছিল। 

“সরকারি চাকরির কিছু বিধি আছে, তাতে ওই সব কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার সুযোগ নেই। এদিকে শিল্পকলার অনেক পদে জনবল সংকট আছে। ফলে শিল্পকলার কাজে গতি আনতেই উপপরিচালক নিয়োগ দেওয়া হচ্ছে।”