বাংলা সাহিত্যকে বিশ্বময় ছড়াতে চাই রাষ্ট্রীয় উদ্যোগ: আবুল কাসেম
সাম্রাজ্যবাদী দেশগুলো তৃতীয় বিশ্বকে বিকশিত হতে না দিয়ে নানাভাবে চাপ সৃষ্টি করে বলে মন্তব্য করেন তিনি।
বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বময় ছড়িয়ে দিতে রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রাবন্ধিক ও অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
শনিবার রাজধানীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে 'বাংলায়ন সভা'র বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সাম্রাজ্যবাদী দেশগুলো বরাবরই চায় তৃতীয় বিশ্বের দেশগুলো যেন বিকশিত না হয়। এজন্য তারা নানাভাবে চাপ সৃষ্টি করে রাখে। এমনকি বাংলাদেশও বিশ্বায়নের চাপে আছে।
“ফলে আমাদের বাংলা ভাষা ও সাহিত্য-সংস্কৃতিও বিশ্বায়নের চাপে রয়েছে। সে কারণে বাংলা ভাষা ও সাহিত্য বিশ্বময় খুব বেশি ছড়াতে পারেনি। অবশ্য রাষ্ট্র হিসেবেও আমাদের দেশ বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বময় ছড়াতে খুব একটা উদ্যোগ নেয়নি। ফলে নানাভাবেই বাংলা ভাষা ও সাহিত্য বিশ্বায়নের পথে এগুতে পারেনি। অথচ এ বিষয়ে রাষ্ট্রেরই উদ্যোগ গ্রহণের দরকার ছিল।”
এসময়ে বাংলা ভাষা ও সহিত্য নিয়ে বাংলা একাডেমির যে কাজ করার দরকার ছিল তারাও এ বিষয়ে কাজ করছে না বলে অভিযোগ তার।
বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে কাজ করছে ‘বাংলায়ন সভা’। ‘বাংলা বিশ্বময়’ স্লোগান নিয়ে ২০২১ সালের ৪ সেপ্টেম্বর যাত্রা শুরু করে সংগঠনটি।
সাহিত্যের নানা বিষয় নিয়ে সংগঠনটি 'শিল্প-সাহিত্যের বৈঠক' শিরোনামে নিয়মিত সভা আয়োজন করে। এটির বর্ষপূর্তির অনুষ্ঠানে আলোচনার বিষয় ছিল ‘বাংলা ভাষা ও সাহিত্যের বিশ্বায়নে অন্তরায় এবং উত্তরণের পথ’।
এর আগে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে মূল বক্তব্য উপস্থাপন করেন অধ্যাপক আবুল কাসেম।
অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বময় ছড়িয়ে দিতে হলে প্রতিটি দেশে ‘বাংলাদেশ কালচারাল সেন্টার’ প্রতিষ্ঠা করতে হবে।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক হাকিম আরিফ রাষ্ট্রকে ভাষার প্রচার-প্রসারে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, “আমাদের পোশাক শিল্পের ক্ষেত্রে আমরা যেমন মেইড ইন বাংলাদেশ ট্যাগ ব্যবহার করছি, তেমনি বাংলা ভাষা ও সাহিত্যকেও আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ডিং করতে হবে। আর এসব উদ্যোগ রাষ্ট্রকেই নিতে হবে।"
এ জন্য বাংলা সাহিত্য ইংরেজিতে অনুবাদ করা প্রয়োজন বলে মনে করেন হাকিম আরিফ।
অনুষ্ঠানে 'বাংলায়ন বার্ষিকী' প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। এতে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক ২৫টি প্রবন্ধ-নিবন্ধ প্রকাশ করা হয়েছে।
কবি সৌম্য সালেক ও চামেলী বসুর সঞ্চালনায় অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি আদিত্য নজরুল, শাকিরা পারভিন, স্নিগ্ধা বাউল, আজিম হিয়া, শান্তা মারিয়া, বিধান সাহা, আশরাফ জুয়েল, সেঁজুতি বড়ুয়া ও মামুন অপু।
স্বাগত বক্তব্য দেন বাংলায়ন সভার সম্পাদক ফারুক সুমন, সমন্বয়ক গাজী মুনছুর আজিজ ও লেখক সুরজিৎ রায় মজুমদার। সভাপতিত্ব করেন সভার মুখপাত্র শামস সাইদ।
