০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রার্থিতা বাতিল কেন নয়, বাহার-শম্ভুর ব্যাখ্যা তলব

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় ইসি।

প্রার্থিতা বাতিল কেন নয়, বাহার-শম্ভুর ব্যাখ্যা তলব

আ ক ম বাহাউদ্দিন বাহার (বাঁয়ে) ও ধীরেন্দ্র দেবনাথ শম্ভু

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2023, 11:51 PM

Updated : 25 Dec 2023, 11:53 PM

নির্বাচনি আচরণবিধি মানার প্রশ্নে কঠোর হওয়ার ঘোষণা দেওয়ার একদিন বাদে আওয়ামী লীগের প্রার্থী দুই সংসদ সদস্যের ব্যাখ্যা তলব করেছে নির্বাচন কমিশন।

আগামী বুধবার বিকাল ৩টায় নির্বাচন কমিশন সচিবালয়ে সশরীরে উপস্থিত হয়ে প্রার্থিতা কেন বাতিল করা হবে না, সে বিষয়ে তাদের ব্যাখ্যা দিতে হবে।

এই দুই জনের মধ্যে আ ক ম বাহাউদ্দিন বাহার লড়ছেন কুমিল্লা-৬ আসনে। আর ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ভোট করছেন বরগুনা-১ আসনে।

সোমবার ইসির আইন শাখার উপসচিব মো. আব্দুছ ছালাম স্বাক্ষরিত চিঠি পাঠানো হয়েছে নৌকার দুই প্রার্থীর কাছে।

নির্বাচন বিধি ও আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থিতা বাতিলের মতো কঠোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে- ইসির এমন হুঁশিয়ারি আসে গেল শনিবার। এদিন বৈঠক শেষে ইসি আনিছুর রহমান বলেছিলেন, “প্রার্থিতা বাতিল হবে, কোনো না কোনো জায়গায় কারো না কারো, এইটুকু আভাস আমি দিয়ে রাখলাম।" 

বাহারকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, গত ২০ ডিসেম্বর নির্বাচনি প্রচারণার সময় তিনি সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগাল করেন। বাহারের উসকানিমূলক নির্দেশনায় তার ব্যক্তিগত সহকারীসহ নেতাকর্মীরা দুই সাংবাদিককে মারধর করেন।

ওই সংবাদকর্মীদের অফিসিয়াল মোবাইল ফোন এবং লাইভ কাভারেজের ডিভাইসও ছিনিয়ে নেওয়া হয় বলে সংবাদ প্রকাশিত হয়। পরে ইসির নির্দেশে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপার আলাদা তদন্ত প্রতিবেদন জমা দেয়, যাতে ঘটনার সত্যতা পাওয়ার কথা বলা হয়েছে।

পুরানো খবর:

সাংবাদিকদের মারধর: ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন চায় ইসি
নৌকার প্রার্থীর পক্ষে প্রচার, জরিমানা গুনলেন আওয়ামী লীগ নেতা

বাহার নির্বাচনি অপরাধ ও আচরণবিধি লঙ্ঘন করেছে উল্লেখ করে এ প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সুপারিশসহ ইসিতে প্রতিবেদন পাঠায় সংশ্লিষ্ট নির্বাচনি অনুসন্ধান কমিটি।

এখন গণপ্রতিধিনিত্ব আদেশ অনুযায়ী বাহারের প্রার্থিতা কেন বাতিল করা হবে না তা জানতে চায় ইসি।

আর বরগুনা-১ আসনের নৌকার প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিরুদ্ধে অভিযোগ, গত ১৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ভোটের প্রচার শুরুর আগেই তিনি প্রচারণায় নামেন।

গত ২৮ নভেম্বর, ৭ ডিসেম্বর ও ৯ ডিসেম্বর শম্ভু সহস্রাধিক সমর্থক নিয়ে মোটর শোভাযাত্রাসহ মিছিল, সভা করেছেন। তার বিরুদ্ধে নির্বাচনি অনুসন্ধান কমিটি ইতিমধ্যে চারটি প্রতিবেদন দিয়েছে।

কমিটি একাধিকবার সতর্ক করার পরও শম্ভু ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ করে যাচ্ছেন বলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

পুরানো খবর:

ইসির তলবে হাজিরা দিয়ে আমু বললেন, ‘চা খেয়ে গেলাম’
সহিংসতা: কঠোর সিদ্ধান্তে যাওয়ার আগে আরও তথ্যের অপেক্ষায় ইসি

এই অনিয়মের কারণে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী অর্থদণ্ড ও প্রার্থিতা বাতিল কেন করা হবে না, তার ব্যাখ্যা দিতে হবে শম্ভুকে।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এর আগে গত ১৫ ডিসেম্বর ঝালকাঠি-২ আসনের নৌকার প্রার্থী সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে তলব করেছিল কাজী হাবিবুল আউয়াল কমিশন।