২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটা আন্দোলন: ঢাকায় সংঘাতের মধ্যে আরও একজনের মৃত্যু

নিহত দ্বিতীয় ব্যক্তিরও পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2024, 08:20 PM

Updated : 26 Aug 2026, 10:01 AM

রাজধানীর মিরপুর রোডে ঢাকা কলেজের সামনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষে একজনের মারা যাওয়ার মধ্যে অদূরের সিটি কলেজের সামনে আহত অবস্থায় পড়ে থাকা আরেক যুবকের মৃত্যুর খবর দিয়েছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে একটি অ্যাম্বুলেন্সে করে অজ্ঞাত ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত আনা হয়েছে বলে বলে জানান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনাচার্জ বাচ্চু মিয়া বলেন, নিহতের মাথায় গুরুতর জখমের চিহ্ন রয়েছে। তার বয়স আনুমানিক ২৫ বছর। এখনও পরিচয় জানা যায়নি। 

এর আগে বিকাল সোয়া ৫টার দিকে ২৫ বছর বয়সী অজ্ঞাত আরেক যুবককে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পর তার মৃত্যু হয়। 

নিহত এ ব্যক্তি কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষের সময় ঢাকা কলেজের সামনে আহত হয়েছিলেন।

ঢাকায় এ দুজন ছাড়াও কোটা আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে চট্টগ্রামে তিনজন এবং রংপুরে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

ঢাকা মেডিকেল প্রতিনিধি জানান, আহত দ্বিতীয় যুবককে বুধবার সন্ধ্যা ৭টার দিকে একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তখন চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

অজ্ঞাত এ ব্যক্তিকে বহনকারী অ্যাম্বুলেন্সের চালক আলী মিয়া বলেন, সন্ধ্যার দিকে ওই যুব্ক রক্তাক্ত অবস্থায় সিটি কলেজের সামনে পড়ে ছিল। তাকে সেখান থেকে পথচারীরা উদ্ধার করে পাশে বেসরকারি পপুলার হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তিনি অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

এদিন দুপুরের পর থেকে কোটা সংস্কার আন্দোলন চলাকালে সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে ঢাকা কলেজ এলাকায় ছাত্রলীগের সঙ্গে আন্দোলকারীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

এ নিয়ে এ সংঘর্ষের মধ্যে দুইজনের মৃত্যুর খবর এল।

এছাড়া ঢাকা কলেজ, সায়েন্স ল্যাবরেটরিসহ বিভিন্ন এলাকা থেকে আহত ৬০ জনকে হাসপাতালে আনা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।

চলমান কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার দুপুর ১২টার পর আন্দোলনকারী শিক্ষার্থীরা ঢাকা কলেজের অদূরে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এতে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

দুপুরের পর থেকে শুরু হয় আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া। বিকাল ৪টার দিকে দুই পক্ষের সংঘর্ষ শুরু হলে তা ঢাকা কলেজ পর্যন্ত ছড়িয়ে পড়ে। 

সায়েন্স ল্যাবরেটরি এলাকায় সংঘর্ষের মধ্যে সেখানে পাঁচটি হাতবোমা বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় সাতজনকে আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন:

ঢাকা কলেজের সামনে কোটা আন্দোলনকারী-ছাত্রলীগ সংঘর্ষ, একজন নিহত

কোটা আন্দোলন: চট্টগ্রামে সংঘর্ষের মধ্যে নিহত ৩

কোটা আন্দোলন: রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে শিক্ষার্থী নিহত, আহত শতাধিক

ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন